ভাস্কর্য বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

আসাদুজ্জামান খান কামাল

ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। মন্ত্রীর সঙ্গে তাঁরা প্রায় এক ঘণ্টা আলোচনা করেন।

বৈঠকে আলেমদের পক্ষে নেতৃত্ব দেন কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) সভাপতি মাহমুদুল হাসান। ১২ জন আলেম বৈঠকে অংশ নেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে সংবাদ সম্মেলন করে জানাতে পারেন।

এর আগে ৫ ডিসেম্বর যাত্রাবাড়ী মাদ্রাসায় কওমি আলেমদের এক সভা থেকে ভাস্কর্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া ১০ ডিসেম্বর একই দাবি জানায় হেফাজতে ইসলাম।

উল্লেখ্য, রাজধানীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরে হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন আন্দোলন করে আসছে। এর মধ্যে ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।