ভিজিএফের কার্ড না পেয়ে আ.লীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের কার্ড না পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলমের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার এ বিক্ষোভের সময় তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কও অবরোধ করেন।
এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাগলা এলাকায় মেরি এন্ডারসন মাঠে গতকাল বেলা ১১টার দিকে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দরিদ্রদের মধ্যে চাল বিতরণের জন্য সরকারের ভিজিএফ কার্ডের সুষ্ঠু বিতরণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে দাবি না মানলে কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ কার্ডের চাল বের করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীমউদ্দিন বলেন, ‘চেয়ারম্যানের কাছে সাত হাজার ভিজিএফ কার্ড এসেছে। নারায়ণগঞ্জের অন্যান্য ইউনিয়নের মতো এই ইউনিয়নেও অর্ধেক কার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়ার নিয়ম থাকলেও চেয়ারম্যান তা করছেন না।’
তবে কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম পাল্টা অভিযোগ করে বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীমউদ্দিনকে কার্ড না দেওয়ার কারণেই তিনি লোকজনকে খেপিয়ে তুলেছেন।’