ভিন্ন ভিন্ন সংগঠনের আদর্শ ধারণ করে চলে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক l প্রথম আলো
​মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক l প্রথম আলো

জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল নয়; এটি বিভিন্ন সংগঠনের আদর্শ ধারণ করে দেশে জিহাদি কার্যক্রম চালায়। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়টা তাদের জন্য কঠিন হলেও এখন তারা সংঘবদ্ধ এবং শক্তিশালী।
কথাগুলো বলেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের গবেষণা পরিচালক সিগফ্রেড ও. উলফ। গতকাল রোববার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিনে ‘বাংলাদেশে গণহত্যা ও বিচার’ শিরোনামের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
‘অতীত আন্তর্জাতিক অপরাধের দায়মুক্তি: উত্তরণের উপায়’ শীর্ষক পর্বে সিগফ্রেড ও. উলফ আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। অর্থায়ন ও নানা সুবিধা দিয়ে দলটি অনেক তরুণকে তাদের সঙ্গে সম্পৃক্ত করেছে।
এই অধিবেশনে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার অধ্যাপক অ্যাডাম জোনস গণহত্যার দায়ে পাকিস্তানিদের বিচারের মুখোমুখি করতে তৃণমূল পর্যায়ের সমর্থনের ওপর জোর দেন।
ভারতের সমাজবিদ আশিস নন্দী বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যা করা ছিল একটি গণহত্যার মধ্যে আরেকটি গণহত্যা।
সম্মেলনের এ পর্বটি পরিচালনা করেন আন্তর্জাতিক অপরাধ-সংক্রান্ত তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মুহাম্মদ আবদুল হান্নান খান।
এর আগে ‘ট্রাইব্যুনালের তথ্যাদি সংরক্ষণ: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক পর্বে বক্তব্য দেন আমেরিকার সংরক্ষণাগারের পরামর্শদাতা ট্রুডি এইচ পিটারসন। তিনি বলেন, এ ধরনের তথ্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থার অভাবের পাশাপাশি রাজনীতিও একটি বড় বাধা। অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটে তথ্যপ্রমাণ নষ্ট করা হয়। এ জন্য এর অনেক কপি করাসহ এ ধরনের তথ্যে অভিগম্যতা নিয়ন্ত্রণ করা জরুরি।
বিশেষজ্ঞ চিকিৎসক ও একাত্তরের গণহত্যাবিষয়ক গবেষক এম এ হাসান তাঁর উপস্থাপনায় গণহত্যার স্থানগুলোর ফরেনসিক পরীক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, গণহত্যার অনেক বছর পার হওয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আক্রান্তকে চিহ্নিত করা। পাশাপাশি কোনো অডিও বা ভিডিও রেকর্ডও নেই। এ জন্য উদ্ধারকৃত হাড় সঠিকভাবে সংরক্ষণ জরুরি।
এই পর্বটি পরিচালনা করেন কম্বোডিয়ার রাজতান্ত্রিক সরকারের উপদেষ্টা ও গণহত্যাবিষয়ক গবেষক হেলেন জারভিস।
সমাপনী অনুষ্ঠান
গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও ট্রাইব্যুনালের নথিপত্র সংরক্ষণ করা হবে। তিনি বলেন, এই ট্রাইব্যুনাল সফলতার সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচার করছেন। আসামিপক্ষের প্রাপ্য সব ধরনের অধিকার দিচ্ছেন আদালত।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আইন পাস করে। গঠন করে ট্রাইব্যুনাল।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি রবিউল হোসেন, গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞ ডেনিয়েল ফেইরসটেইন ও জার্মানির ক্যাথরিনা হোফমান। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেন।