সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আহ্বান
ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কেউ যেন দলে ভিড়তে না পারে
বিএনপি-জামায়াত কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কেউ যেন দলে ভিড়তে না পারে, সেদিকে তৃণমূলের নেতা-কর্মীদের লক্ষ রাখার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরের তালতলা এলাকার গুলশান সেন্টারে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সংগঠনটির পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়। মহানগরের বিভিন্ন ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ এবং আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সঞ্চালনায় সহসভাপতি আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সভায় ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন এবং সভায় অনেকেই বক্তব্য দেন। সভা শেষে ওয়ার্ড পর্যায়ের নেতাদের হাতে ১০০ পৃষ্ঠার একটি করে নতুন সদস্য সংগ্রহের ফরম বই তুলে দেওয়া হয়।
ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন এম এ মতিন, সালাউদ্দিন বকস, আব্দুল মালিক, শ্যামল চৌধুরী, আখতার হোসেন, মাহবুবুর রহমান, জুনেদ আহমদ, মুফতি আব্দুল, সেলিম আহমদ, কামাল আহমদ, মোস্তফা দিলওয়ার আল আজহার, এইচ এম ফারুক হোসেন, মো. সিদ্দেক আলী তালুকদার, মো. আব্দুল আহাদ চৌধুরী, ইসমাইল মাহমুদ, সাজুয়ান আহমদ, মাহবুব খান, জাবেদ আহমদ, আব্দুল মুমিত চৌধুরী, বিজয় কুমার দেব, মো. ছায়েফ খান, আব্দুল বাছিত, মোস্তাক আহমদ, জাহিদুর হোসেন প্রমুখ।
সভায় মহানগরের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, সুযোগসন্ধানী কিছু ব্যক্তি আওয়ামী লীগে ঢুকে নানা ধরনের অনৈতিক ও বিতর্কিত কর্মকাণ্ড করে দলের ভাবমূর্তি বিনষ্ট করছে। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। কোনো অবস্থাতেই যেন বিএনপি-জামায়াত কিংবা সুযোগসন্ধানী ব্যক্তি দলের সদস্য ফরম পূরণ করতে না পারে, সেটি ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মীদের নজরদারিতে রাখতে হবে।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শোকের মাস উপলক্ষে আগামী ১ আগস্ট নগরে শোক র্যালি এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ওই দিন বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের পাশাপাশি মন্দির ও উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দলের ওয়ার্ড পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনো সদস্যদের নবায়নকাজ শুরু হয়েছে। তবে নতুন সদস্য সংগ্রহের সময় যেন কোনো ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিরা স্থান না পায়, সেদিকে কড়া নজরদারি রাখার জন্য ওয়ার্ড পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।