বিএনপির ‘ভিশন ২০৩০’ আজগুবি ও তুঘলকি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। আরও লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার।
বরিশাল নগরীর সার্কিট হাউস সম্মেলনকক্ষে গতকাল রোববার সকালে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, বিশ্বব্যাংকের হুমকি বাংলাদেশ মোকাবিলা করেছে। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। বিদেশিদের কোনো চাপের মুখে নতি স্বীকার করে না বাংলাদেশ।
খাদ্যমন্ত্রী আরও বলেন, সরকার এখন এগিয়ে যাচ্ছে নিরাপদ খাদ্যের নিশ্চয়তার লক্ষ্যমাত্রা নিয়ে। খাদ্য আইন বাস্তবায়নের মাধ্যমে সেই নিশ্চয়তা দেওয়া হবে। উন্নত দেশে যেভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হয়, বাংলাদেশেও সেই নিশ্চয়তা দিতে চায় সরকার।