ভিশন-২০৩০ ঘোষণার পর থেকে আওয়ামী লীগে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। তাঁর দাবি, দুর্নীতি-দুঃশাসন, নির্যাতন-নিপীড়নে দেশের মানুষ এই সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। গতকাল রোববার বিকেলে নগরের কাজীর দেউড়ির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম নগর বিএনপি।
সমাবেশে শাহাদাত হোসেন বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। কোনো সরকারই শেষ সরকার নয়। কোনো ষড়যন্ত্রই এ দেশের মানুষ মেনে নেবে না।
সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, কোনো রক্তচক্ষুকে বিএনপি ভয় পায় না। সরকার সম্পূর্ণ বেআইনিভাবে গুলশানের কার্যালয়ে তল্লাশি করেছে। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে একদিন জবাবদিহি করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেবে বিএনপি।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সামশুল আলম প্রমুখ।
যুবদলের বিক্ষোভ
গুলশানের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে গতকাল বেলা তিনটায় কাজীর দেউড়ি মোড়ে বিক্ষোভ করেছে চট্টগ্রাম নগর যুবদল। নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বক্তৃতা করেন নগর যুবদলের সহসভাপতি নুর আহমেদ, আজমুল হুদা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির মাধ্যমে খালেদা জিয়াকে হেয় করার অপচেষ্টা চালিয়েছে সরকার। ভিশন-২০৩০-এর বিরুদ্ধে প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সরকার এই তল্লাশি অভিযান চালায় বলে তাঁরা দাবি করেন।