ভিশন ২০৩০ নিয়ে কুতর্ক হচ্ছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভিশন ২০৩০ নিয়ে তর্ক-বিতর্ক ও কুতর্ক হচ্ছে’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বিষয়টির সত্যতায় না গিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতিনের ২২তম মৃত্যুবার্ষিকীতে এ আলোচনা হয়।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, যাকে ইংরেজিতে ভিশন ২০৩০ বলা হয়েছে। ২০৩০ সালে তিনি বা তাঁর দল বাংলাদেশকে কেমন দেখতে চান, তার একটি রূপরেখা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বিষয়টির কনটেন্টে যাচ্ছেন না। তাঁরা আমাদের প্রশ্নগুলোর কোনো জবাব দিচ্ছেন না, সত্যতার বিচার করছেন না। সরাসরি একে বাতিল করে দিচ্ছেন। বলছেন, আমরা তাঁদের অনুসরণ করছি। এর মধ্য দিয়ে তাঁরা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।’