
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেকে রাষ্ট্রপতি এবং ছেলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চান বলে মনে করে আওয়ামী লীগ। দলটি বলেছে, খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন-২০৩০’ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন। এই বেলুন অচিরেই চুপসে যাবে। ২০৩০ সাল পর্যন্ত পৌঁছানোর পথ বিএনপির জন্য খোলা নেই।
গতকাল বুধবার খালেদা জিয়ার রূপকল্প ‘ভিশন-২০৩০’ ঘোষণার পরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ ব্রিফিং করে দলের এই প্রতিক্রিয়া জানান। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ভিশন-২০৩০ বলে যে কর্মপরিকল্পনার কথা বলেছেন, এসবের অনেক কিছুই আওয়ামী লীগের ‘ভিশন-২০২১’-এ আছে। এতে কোনো নতুনত্ব নেই। তিনি দাবি করেন, আওয়ামী লীগের ধারণা চুরি করে বিএনপি ভিশন-২০৩০ দিয়েছে। অন্যের মেধাস্বত্ব চুরি করা একটি নৈতিক অপরাধ। এটা একধরনের রাজনৈতিক অসততা।
খালেদা জিয়ার বক্তব্যে বরাবরের মতো যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তাদের ভিশন যুদ্ধাপরাধীদের রক্ষার ভিশন, সন্ত্রাসবাদ কায়েমের ভিশন, দেশ বিক্রির ভিশন।’
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘উনি (খালেদা) কী করে রাষ্ট্রপতিকে সম্মান দেবেন? ক্ষমতায় থাকতে তো তিনি তাঁর দলের রাষ্ট্রপতিকে বিনা কারণে অপসারণ করেছিলেন। দেশবাসী ভুলে যায়নি যে বিএনপির সন্ত্রাসীদের হামলায় রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী জীবন বাঁচাতে মহাখালীর রেললাইন ধরে পালিয়েছিলেন। তাঁর কথায় মনে হয়, তিনি রাষ্ট্রপতি আর তাঁর দুর্নীতিবাজ পুত্র তারেককে প্রধানমন্ত্রী বানাতে চান!’ তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপির ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়ার ভিশন।