ভিশন ২০৩০ ভ্রান্তিবিলাস: মেনন
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন বিএনপির ভিশন ২০৩০-কে ‘ভ্রান্তিবিলাস’ হিসেবে আখ্যায়িত করেছেন। আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে মেনন বলেন, ‘আমি ওই রূপকল্প শুনিনি। শোনার প্রয়োজনও বোধ করিনি। পরে সংবাদ দেখেছি। তাতে মনে হলো এসব অর্থহীন কথাবার্তা। কেননা ক্ষমতায় থাকার সময় তিনি আমাদের তিন জোটের রূপরেখার একটিও বাস্তবায়ন করেননি।’
আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির ‘ভিশন ২০৩০’ নামের রূপকল্প ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এ প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, সংবিধান সংশোধন করার কথা বলেছেন খালেদা জিয়া। এর জন্য দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে। এমন সংখ্যাগরিষ্ঠতা তো দূরের কথা, ক্ষমতায় যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠ আসনও তারা পাবে না। তাই এসব প্রতিশ্রুতির কোনো মানে নেই।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ভিশন ২০৩০ তুলে ধরে দেওয়া খালেদা জিয়ার ভাষণ শোনেননি। আজ প্রথম আলোকে তিনি বলেন, ‘অন্য একটা অনুষ্ঠানে ছিলাম। তাই শোনা হয়নি।’
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূইয়া বলেছেন, এই ভিশনে ভালো কথা রয়েছে। কিন্তু এসব বাস্তবায়ন করবে কে? এর জন্য কী দল প্রস্তুত আছে? ভিশনের কথা বিএনপির সাতজন সদস্যও জানেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। খালেকুজ্জামান বলেন, ভিশনে অনেক পরিকল্পনার কথা বলা হলো। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্রকে দিয়ে সেই লক্ষ্য পূর্ণ কীভাবে হতে পারে, তা নিয়েও প্রশ্ন আছে।