ভুল করতে চলেছেন শেখ হাসিনা: ফখরুল
বাকশাল করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একই ভুল করতে চলেছেন তাঁর কন্যা শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ওই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, যে দল অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বেশির ভাগ মানুষের সমর্থনও পেয়েছে, সে দলটি তাঁবেদার দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি তাঁবেদার দল।
বিরোধী দলের আন্দোলনে জনগণ সাড়া দিচ্ছে না—প্রধানমনন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের তিন মাসে ৩১০ জন মানুষ হত্যা করা হয়েছে, ৬৫ জনকে গুম করা হয়েছে, তার পরও সরকার ৫ ভাগ ভোটারকে ভোটকেন্দ্রে নিতে পারেনি। বিএনপির ভোট বর্জনের ডাকে জনগণের পূর্ণ সমর্থনই প্রমাণ করে, সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তিনি বলেন, দেশে-বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। তার পরও প্রধানমন্ত্রী বলছেন, নির্বাচন হয়েছে। শেখ হাসিনার দম্ভ ও জেদ দেশের জন্য ক্ষতিকর।
বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সঙ্গে জড়িত। সুষ্ঠু তদন্ত করলে দেখা যাবে, এ চোরাচালানের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেরাই জড়িত।
তারেকের নেতৃত্ব প্রয়োজন: গতকাল সকালে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কেক কাটে মহিলা দল। এ সময় মির্জা ফখরুল বলেন, সরকারের ষড়যন্ত্রে তারেক রহমান প্রায় নির্বাসিত হয়ে আছেন। দেশের বর্তমান অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন। দ্রুত তিনি সুস্থ হয়ে দেশে ফিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করেন ফখরুল।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, সুস্থ হয়ে তারেক রহমান দেশে ফিরে আসবেন। তাঁর আসার পথে যাতে কোনো বাধা না আসে, সে জন্য ঢাকাসহ সারা দেশে দুর্গ গড়ে তোলা হবে।