জনগণের কাছ থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ লুট হয়ে গেছে। সাম্প্রদায়িক আগ্রাসন জেঁকে বসেছে। শিক্ষাব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে উগ্র মৌলবাদ। বাহাত্তরের সংবিধান থেকে বাংলাদেশ বহু দূরে সরে এসেছে। ভুল পথে এগোচ্ছে বাংলাদেশ।
গতকাল রোববার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, শোভাযাত্রা, শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এসব আয়োজনে শিশুদের রংতুলিতে উঠে আসে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গণজাগরণ মঞ্চের আন্দোলন এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ। শোভাযাত্রায় কার্টুন ও স্লোগান-সংবলিত ফেস্টুন নিয়ে হাজির হন মঞ্চের কর্মী-সংগঠকেরা।
পরে শুরু হয় ‘সাম্প্রদায়িক আগ্রাসন, উগ্র মৌলবাদ, বাহাত্তরের সংবিধান, কোন পথে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভা। সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ অজয় রায় বলেন, ‘আজ বড় অসহায় লাগে। দেশে এখন কোনো উৎপাদন হচ্ছে না, শিল্প প্রতিষ্ঠা হচ্ছে না, আমরা দিন দিন একটি নিষ্ক্রিয় উৎপাদনহীন জাতিতে পরিণত হচ্ছি। অর্থ-সম্পদ লুট হয়ে যাচ্ছে। আমরা কিছু করতে পারছি না। বলা বাহুল্য, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে পথে চলার কথা ছিল, বর্তমান বাংলাদেশ চলছে তার উল্টো পথে।’
অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, রাজনীতিবিদেরা বলে যাচ্ছেন, ‘বাংলাদেশে দারিদ্র্য কমেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হয়তো খাদ্যের দারিদ্র্য কমেছে, কিন্তু পুষ্টির দারিদ্র্য বেড়েছে। আয় বেড়েছে কিন্তু চিকিৎসা না পাওয়ার দারিদ্র্যও বেড়েছে। পাঠ্যপুস্তকে হেফাজতে ইসলামের দাবি যুক্ত হয়, সে হিসেবে শিক্ষার দারিদ্র্য বেড়েছে। তিনি বলেন, বাংলাদেশ ভুল পথে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে মৌলবাদকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ আবার আওয়ামী মুসলিম লীগে ফেরত যাচ্ছে। মৌলবাদের অর্থনীতিকে সমাজের সর্বস্তরে তোষণ করা হচ্ছে।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘সর্বগ্রাসী সাম্প্রদায়িক আগ্রাসন থেকে কোমলমতি শিশুরাও রেহাই পাচ্ছে না। ধর্মভিত্তিক দলগুলো সামগ্রিক শিক্ষাকাঠামো নিয়ন্ত্রণ করছে। তারা ঠিক করে দিচ্ছে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম কী পড়বে, কী পড়বে না। তাদের দাবির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করছে সরকার।’ তিনি বলেন, ‘একদিকে জঙ্গিবাদ দমনের জন্য অপারেশনের নাটক করবেন, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের নামে জঙ্গিবাদের কারখানা করবেন, সেটা হতে দেওয়া হবে না।’
আলোচনা সভায় ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাংবাদিক আবু সাইদ খান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফউদ্দিন চৌধুরী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব প্রমুখ বক্তব্য দেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।