ভুল বুঝিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে : মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম মহিউদ্দিন চৌধুরী
এ বি এম মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়ে ভুল বুঝিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
আজ সোমবার বিকেলে গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। ‘চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে প্রায় ৪০০-৫০০ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে সাবেক এই মেয়র বলেন, ‘বাঁশখালীতে কয়লা দিয়ে একটি বিদ্যুৎকেন্দ্র হবে। আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিল যে এতে দেশের বিদ্যুৎ–সংকট নিরসন হবে। জনগণও বিদ্যুৎ চায়। বিদ্যুৎ পেতে হলে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। একটি ভুল হয়ে গেছে। এ জন্য আমরা দুঃখিত।’ তিনি আরও বলেন, ‘যারা এখনো উত্তেজনা সৃষ্টি করছেন,
অনুগ্রহ করে আপসের মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সুরাহা করেন। কিছু না বুঝে, কিছু না শুনে মানুষকে উত্তেজিত করে প্রকল্প বাস্তবায়নে বাধা দিলে তা ন্যায়সংগত হবে না।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন নাজিম উদ্দিন, সেলিম খান, আবদুল হালিম, হাসমত আলী, আসিফ আহমেদ ও মো. মনসুর প্রমুখ। এসব বক্তারা বলেন, একটি মহল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত দুই বছর ধরে এই প্রকল্পের জন্য জায়গা কেনা হচ্ছে। তখন কিছু হয়নি। কিন্তু এখন কেন সেখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে? গণ্ডামারা এলাকার নিরীহ লোকদের ভুল বুঝিয়ে ও উসকানি দিয়ে আন্দোলনে নামানো হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে হবে। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে বাঁশখালীসহ সারা দেশ লাভবান হবে। যাঁরা এই প্রকল্পের বিরোধিতা করছেন, তাঁরা নিজেদের আখের গোছানোর জন্যই বিরোধিতা করছেন বলেও অভিযোগ তাঁদের।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ‘সর্বস্তরের বাঁশখালীবাসী’, ‘হাটহাজারী উপজেলার সর্বস্তরের জনসাধারণ’, ‘বাঁশখালী নাগরিক ঐক্য ফোরাম’, ‘আনোয়ারার সর্বস্তরের জনসাধারণ’, ‘পটিয়ার সর্বস্তরের জনসাধারণ’ শীর্ষক ব্যানার ছিল। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম জেলা, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ব্যানারও দেখা যায়।

এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষের লোকজন সমাবেশ ডাকে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হন। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় বিদ্যুৎকেন্দ্রবিরোধী বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।