ভুয়া জন্মদিন পালনের জবাব দেবে জনগণ: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

জাতির শোকের দিনে কেক কেটে ‘মিথ্যা জন্মদিন’ পালনের জবাব এ দেশের জনগণ আগামী ২০১৯ সালের ভোটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে নাসিম এ কথা বলেন। খবর বাসসের।

মোহাম্মদ নাসিম বলেন, ‘১৫ আগস্ট আমাদের সমগ্র জাতির শোকের দিন। সেই দিন দেশের একজন নেত্রী খালেদা জিয়া প্রতিহিংসাপরায়ণ হয়ে আলোকসজ্জা করে ভুয়া জন্মদিন পালন করে। এর জবাব জনগণ তাকে দেবে।’

নাসিম বলেন, ‘একজন মহিলা যার নাতি-নাতনির জন্মদিন পালন করার কথা, সেখানে ৭০ বছর বয়সী মহিলা, তাও ভুয়া জন্মদিন পালন করে কেক কেটে। তার লজ্জা থাকা উচিত। ভারতের স্বাধীনতা দিবসে তাদের হাইকমিশন কোনো অনুষ্ঠান করে না। সারা দেশের মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায়, আর সে কেক কেটে জন্মদিন পালন করে।’

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, সুষম উন্নয়নের জন্য জনগণের সরকারের ধারাবাহিকতা দরকার। সরকারের ধারাবাহিকতা রয়েছে বলেই বিদ্যুতের উন্নয়ন হচ্ছে, জঙ্গিবাদ নির্মূল হচ্ছে। দেশের উন্নয়নে সরকারের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।


সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘উত্তরবঙ্গ বরাবরই পিছিয়ে ছিল। আমরা পিছিয়ে থেকেই কাজ শুরু করেছি। প্রশাসনে আমাদের লোকবল কম। যে কারণে প্রকল্প নেওয়ার পরেও অর্থ ছাড় হয় না। এখানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা রয়েছে। উত্তর বঙ্গের গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর এই পাড়ে তিন শতাধিক সিএনজি স্টেশন থাকলেও, ওপারে হাতে গোন মাত্র ১০টি সিএনজি স্টেশন রয়েছে। সুষম উন্নয়নের জন্য এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ সিএনজি স্টেশন করতে হবে।’

সেমিনারে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ পর্যাপ্ত না থাকায় আমরা উত্তরাঞ্চলের মানুষ পিছিয়ে পড়েছি। আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। এ জন্য সরকারের নীতি নির্ধারকদের কর্মপরিকল্পনা দরকার।’

সংগঠনের সভাপতি মো. মোদাব্বের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল, উপদেষ্টা শেখ এনামুল, সাংবাদিক মুফদি আহম্মেদ, কেরামত উল্লাহ বিপ্লব, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী।