ভুয়া প্রশ্ন তিন লাখ টাকায়ও বিক্রি হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন পাঁচ হাজার থেকে তিন লাখ টাকায়ও বিক্রি হয়েছে। কিছু পেশাদার লোক আছে, তারা দীর্ঘদিন থেকে এ কাজ চালিয়ে আসছে। সবার তালিকা করা হয়েছে। কেউ পার পাবে না।

গতকাল বুধবার সচিবালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তবে কবে, কারা, কোন পরীক্ষার ভুয়া প্রশ্ন এত টাকায় বিক্রি করেছে, তা তিনি বলেননি। আগামী ১ নভেম্বর শুরু হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। শেষ হবে ১৭ নভেম্বর।

শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষার একটি চক্রকে, যারা ভুল প্রশ্ন প্রচার করেছে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে। মজার বিষয় হলো, ওই প্রশ্নই তারা বিক্রি করেছে পাঁচ হাজার থেকে তিন লাখ টাকায়। তিনি বলেন, এই প্রতারক চক্রের একটি উদ্দেশ্য হলো প্রশ্ন ফাঁস করে কিছু আয় করা। আবার সরকারকে ‘রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং শিক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ’ করতেও প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়। যারা ভুয়া প্রশ্ন বিক্রি করে তাদের সবাইকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। কোচিং সেন্টারগুলোতেও নজরদারি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার মান যাচাই করা যাবে না বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ভর্তি পরীক্ষার উদ্দেশ্যই থাকে পরীক্ষার্থীকে বাদ দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে একটি আসনের বিপরীতে ৪০ জনের আবেদন করার কথা জানিয়ে তিনি বলেন, এখানে পাস-ফেলের ব্যাপার নেই। এক ঘণ্টায় তাঁরা বাছাই করছেন কীভাবে ৩৯ জনকে বাদ দেওয়া যায়। ৩৯ জনকে বাদ দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছেলেমেয়েদের গুণগত মান বাড়ছে না বলে যাঁরা বলছেন, তাঁরা সঠিক বলছেন না। মান বাড়ছে তবে যা বাড়া উচিত, সেটির জন্য আমরা সংগ্রাম করছি, চেষ্টা করছি। সে জন্য আমাদের সেই মানের শিক্ষক দরকার।’ সার্বিক ক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন তিনি।

জেএসসি-জেডিসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা নেই জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় প্রশ্ন ফাঁসের বিষয়টি এখন আর আগের মতো নেই।