ভুয়া সরকারের ভুয়া বাজেট: মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল মঈন খান
আব্দুল মঈন খান

জাতীয় সংসদে উত্থাপিত ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটকে ‘ভুয়া সরকারের ভুয়া বাজেট’ বলে আখ্যায়িত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
আজ শুক্রবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের এক আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কার বাজেট কে দেয়? যারা বাজেট দিচ্ছে তারা কী জনগণের প্রতিনিধি? তবে জনগণের বাজেট দেওয়ার কী অধিকার আছে তাদের? এ ভুয়া সরকারের ভুয়া বাজেটে গ্রামের দরিদ্র অবহেলিত মানুষের প্রতিফলন হয়নি।’
আবদুল মঈন খান ‘আমি বাজেট নিয়ে কোনো কথা বলতে চাই না। শুধু এইটুকু বলব ২০১৫-১৬ অর্থ বছরের জন্য সরকারের অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাবনা দিয়েছেন তার সব প্রকল্প রাখা হয়েছে রাজধানীকেন্দ্রিক। এখানে গ্রামের দরিদ্র অবহেলিত মানুষের প্রতিফলন হয়নি।
মঈন খান বলেন, ‘আজকে বলা হচ্ছে, উন্নয়ন বদলে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই। এটা হতে পারে না। সুশাসন, মানবাধিকার ও মানুষের কথা বলার অধিকার ব্যতিরেকে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।’

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের আগের দিনই ব্যালট পেপারে সিল মারা হয়েছে। এভাবে কোনো নির্বাচন হতে পারে না। তাই আজকে দেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তা নিয়ে আমাদের ভাবতে হবে। তিনি বলেন, ‘শহীদ জিয়ার আদর্শ মেনে চলতে হবে। আমাদের হতাশ হওয়ার কিছু নেই। হতাশ হবে তাঁরা, যাদের সঙ্গে দেশের মানুষ নেই। হতাশা আজকে আওয়ামী লীগের, হতাশা শেখ হাসিনার। তাদের আচার-আচরণ ও তাদের বডি ল্যাংগুয়েজ হতাশা প্রকাশ পাচ্ছে।’
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, মুক্তিযুদ্ধ দলের নেতা আবুল হোসেন, সাদেক আহমেদ খান প্রমুখ।