ভূঞাপুরের সব ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রতিটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিএনপি সব ইউনিয়নে একক প্রার্থী দিলেও দলের নেতারা নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন।
৩১ মার্চ দ্বিতীয় ধাপে এই উপজেলার ছয় ইউপিতে নির্বাচন হবে। বিভিন্ন দলের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন অনেক বেশি। তাই প্রার্থী বাছাইয়ে হিমশিম খেতে হয় নেতাদের। মনোনয়ন ঘোষণার পর প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অপরদিকে বিএনপির নেতা-কর্মীরা নির্বাচনে কারচুপির আশঙ্কায় প্রার্থী হওয়ার ব্যাপারে তেমন উৎসাহী ছিলেন না। অনেক প্রার্থীকেই জেলা ও উপজেলা নেতারা অনুরোধ করে নির্বাচনে প্রার্থী করেছেন।
অলোয়া ইউপিতে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম। দলে চারজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ এবং মো. মর্তুজ আলী, মো. লিটন মিয়া ও ওয়াহেদুজ্জামান ওরফে পলাশ। বিএনপির মনোনয়ন পেয়েছেন আরিফুল ইসলাম। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন লিয়াকত আলী।
গোবিন্দাসীতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মীর শাহিন হোসেন। মনোনয়ন না পেয়ে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং আবুল কালাম আজাদ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজুর রহমান তালুকদার।
ফলদায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাইদুল ইসলাম তালুকদার। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মফিদুল ইসলাম ও আকবর হোসেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন মো. সেলিমুজ্জামান ওরফে সেলু।
নিকরাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবদুল মতিন সরকার। দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক চেয়ারম্যান মোতালেব সরকার বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর নেতা শামীম আল মামুনও প্রার্থী হয়েছেন।
অর্জুনায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা। বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাইফুজ্জামান খান। বিএনপির মনোনয়ন পেয়েছেন মো. নাসির উদ্দিন।
গাবসারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান ওরফে মনির আওয়ামী লীগের মনোনয়ন পেলেও এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. শাহ আলম। বিএনপি মনোনয়ন দিয়েছে খন্দকার মো. আক্তারুজ্জামানকে। এ ছাড়া জামায়াত নেতা এস এম মনিরুজ্জামান প্রার্থী হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও ভূঞাপুর পৌরসভার মেয়র মো. মাসুদুল হক প্রথম আলোকে বলেন, বিদ্রোহীদের তালিকা জেলায় পাঠানো হচ্ছে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বিদ্রোহীরা নৌকার ভোটের ক্ষতি করতে পারবেন না।
উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, প্রতিটি ইউনিয়নে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থী দিয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে প্রতিটি ইউনিয়নেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হবেন।
গত বুধবার ভূঞাপুর উপজেলা সদরে ইউপি নির্বাচন-সংক্রান্ত এক মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। যারা কারচুপি বা গোলযোগের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।