ভূমিমন্ত্রীর ছেলে ঈশ্বরদী যুবলীগের সভাপতি
পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ১২ বছর পর গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ উপজেলা যুবলীগের সভাপতি ও আলাউদ্দিন বিপ্লব পৌর যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
ঈশ্বরদী শহরের প্লাজা কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বিকেলে শুরু হয় কাউন্সিল অধিবেশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিরহান শরীফ উপজেলা যুবলীগের সভাপতি ও রাজীব সরকার সাধারণ সম্পাদক এবং আলাউদ্দিন বিপ্লব পৌর যুবলীগের সভাপতি ও আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২২ অক্টোবর উপজেলা ও পৌর যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল। এবারের সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়। শহরের প্রবেশের মুখ মুলাডুলি, পাকশী, দাশুড়িয়াসহ বিভিন্ন সড়কে ১৩টি তোরণ নির্মাণ করা হয়।