ভেঙে দেওয়ার দুদিনের মাথায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের এক বছর মেয়াদি নতুন কমিটির ঘোষণা দেয়। এতে কে এম মোজাম্মেল হক ওরফে বুলবুলকে সভাপতি এবং রাকিবুল হাসান ওরফে অর্ককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, সরকারি আজিজুল হক কলেজের দুই সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং কলেজ কমিটির সভাপতি বেনজির আহমেদকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিটি ওই দিন রাত নয়টার দিকে হাতে পান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ওই চিঠিতে সাত দিনের মধ্যে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।
রিকশাভাড়া নিয়ে বিতণ্ডার জেরে গত ২৯ সেপ্টেম্বর আজিজুল হক কলেজের পুরোনো ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের মধ্যে বিরোধ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগের বাংলা বিভাগ শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন।
ওই ঘটনার পরপরই পুলিশের বিরুদ্ধে হত্যাকারীদের সহযোগিতার অভিযোগ এনে ছাত্রলীগ শহরে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ করে।
এ সময় কলেজের নতুন ভবনের সামনে কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদের হাতে লাঞ্ছিত হন শহরের স্টেডিয়াম ফাঁড়ির উপপরিদর্শক আল মামুন। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের ওই কর্মকর্তার মোটরসাইকেল।
এ ঘটনায় বেনজির আহমেদকে প্রধান আসামি করে ১ অক্টোবর বগুড়া সদর থানায় মামলা করে পুলিশ।
এসব বিষয় নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের একটি তদন্ত দল বগুড়ায় আসে। তদন্ত শেষে ঢাকায় ফিরে দলটি সরকারি আজিজুল হক কলেজ শাখা ভেঙে দেওয়ার এবং বেনজির আহমেদকে বহিষ্কারের সুপারিশ করে।