
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা, প্রাণহানি, শক্তি প্রয়োগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আর নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে করে বেশির ভাগ রাজনৈতিক দল। দলগুলো মনে করছে, এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন ও ভোটের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে।
ইউপি নির্বাচন শেষে প্রথম আলোর কাছে মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতাদের দেওয়া মূল্যায়নে এ চিত্র উঠে এসেছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করে, প্রথমবারের মতো দলীয় এই নির্বাচনে অভিজ্ঞতার অভাবে কিছু ‘অনিয়ম ও সহিংসতা’ হয়েছে। নির্বাচন নিয়ে মানুষের আস্থা হয়তো কিছুটা কমেছে, কিন্তু নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েনি। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের ভাষায়, ‘স্বপ্নটা চোট খেয়েছে, ভেঙে যায়নি।’
গত ২২ মার্চ শুরু হয়ে ছয় ধাপে চার হাজারের বেশি ইউপিতে নির্বাচন শেষ হয়েছে ৪ জুন। এটি ছিল প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণঘাতী নির্বাচনও এটি। ছয় ধাপে মোট প্রাণ হারিয়েছেন ১০৮ জন। স্থানীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ক্ষেত্রেও এই নির্বাচন রেকর্ড করেছে। দুই শতাধিক ইউপিতে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ছিল না ৫৫৪টি ইউপিতে।
এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে বা ভোটারদের আস্থা কমে গেছে কি না, জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এত কিছুর পরও ভোটার উপস্থিতি কমেনি। সাময়িকভাবে হয়তো অনেকে সংক্ষুব্ধ হয়েছে। মনে করেছে, ভোট দিতে এসে এ রকম একটা পরিবেশ! স্থানীয় সরকার নির্বাচনে এ দৃশ্যগুলো একেবারে অপরিচিত নয়। সাময়িক হয়তো নির্বাচনের সময় একটু খারাপ লেগেছে। কিন্তু মানুষ ভবিষ্যতে ভালোর জন্য আরেকবার প্রস্তুতি নেয়।’ তিনি মনে করেন, আর দু-একটি নির্বাচন হয়ে গেলে রক্তাক্ত সংঘাত, অনিয়ম কমে যাবে।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, এই নির্বাচন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেছে। জনগণের যে ভোট দেওয়ার অধিকার নেই, দেশে যে আইনের শাসন নেই, তা প্রমাণিত হয়েছে। এই ভোটের মাধ্যমে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারা হয়েছে। নির্বাচনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
এই নির্বাচনে বিএনপির হিসাবে ছয় ধাপে মোট ১০২টি ইউপিতে তারা প্রার্থী দিতে পারেনি। সরকারি দলের হুমকির মুখে এসব জায়গায় বিএনপির নেতারা প্রার্থী হতে আগ্রহ দেখাননি বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপির বাইরে অনেক জায়গায় অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ আছে। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও মুখপাত্র জি এম কাদেরের বক্তব্যেও বিষয়টি উঠে এসেছে। তিনি প্রথম আলোকে বলেন, ইউপিতে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জবরদখল, ভয়ভীতি দেখিয়ে, হামলা-সন্ত্রাস করে ফল ছিনিয়ে নিয়েছেন। অনেক জায়গায় আওয়ামী লীগ ছাড়া কারও মনোনয়নপত্র নেওয়া হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের গত মেয়াদে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছিল। কিন্তু এখন নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কমিশনের প্রতি আস্থা শূন্যের কোঠায় চলে গেছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় একতরফা জাতীয় নির্বাচন। এরপর থেকে নির্বাচনব্যবস্থা ক্রমান্বয়ে ভঙ্গুর হয়েছে। টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১৪ সালে উপজেলা নির্বাচনের প্রথম দুটি ধাপ তুলনামূলক সুষ্ঠু হলেও পরবর্তী ধাপগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়। মাঝপথে বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ। পরবর্তী সময়ে দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ। আর সবকিছুকেই যেন ছাপিয়ে গেছে ইউপি নির্বাচন।
এই নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের সংসদ নির্বাচন থেকে সব নির্বাচনে জনগণকে অধিকারহীন, ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনব্যবস্থা টাকা, পেশিশক্তি, কারসাজিনির্ভর হয়ে পড়েছে।
আর সরকারের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রথম আলোকে বলেন, ‘সামগ্রিকভাবে ভোটের ব্যাপারে মানুষের একটিই প্রশ্ন ছিল—একটু শান্তিপূর্ণ, নিরপেক্ষ অবস্থায় আমরা ভোট দিতে চাই। আমার মনে হয় জনগণ তাদের এই প্রশ্নের জবাব সঠিকভাবে পায়নি।’
সরকারের আরেক শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা ছিল, অজ্ঞাত কারণে সেটা তারা প্রয়োগ করেনি। এবারের নির্বাচন মানুষের আস্থা বাড়ায়নি বরং কমিয়েছে।