ভেতরে-বাইরে সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ সময় তালাবদ্ধ দলীয় কার্যালয়। কয়েকবার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং প্রায় সার্বক্ষণিক পুলিশের পাহারা। নেতাদের মধ্যে দ্বন্দ্ব এবং কর্মীদের মধ্যে হতাশা। ভেতরে-বাইরের সংকট নিয়ে চলছে নেত্রকোনা জেলা বিএনপি।
নেতা-কর্মীরা জানান, দলীয় যেসব সভা বা বৈঠক হয়, সেগুলোও পূর্বপ্রস্তুতি ছাড়া হুটহাট করে ডাকা হয়। সভা শেষ হওয়ামাত্রই নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। এরপর ছবি ও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয় গণমাধ্যমে। অনুষ্ঠানের ছবি পোস্ট করা হয় নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে।
নাম প্রকাশ না করার শর্তে দলের ডজন খানেক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি দলের নিপীড়ন, পুলিশি হয়রানি, মামলা-গ্রেপ্তারের আতঙ্কসহ নতুন করে আসামি হওয়ার আশঙ্কায় বেশির ভাগ নেতা-কর্মী তটস্থ। তার ওপর আছে জেলা বিএনপির কমিটি নিয়েও টানাপোড়েন এবং অঙ্গ-সংগঠনগুলোর সম্মেলনের দীর্ঘসূত্রতা।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের ২৫ অক্টোবর নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে আশরাফ উদ্দিন খান সভাপতি, চিকিৎসক আনোয়ারুল হক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি এস এম মনিরুজ্জামান ওরফে দুদু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কিন্তু প্রায় ১০ মাস পার হতে চললেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। এর জন্য নেতৃত্বের সংকটকে দায়ী করেছেন কেউ কেউ।
জ্যেষ্ঠ একাধিক নেতার অভিযোগ, দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ব্যক্তি হিসেবে ভালো হলেও তিনি সাংগঠনিক নন। সম্মেলনের পর থেকে তিনি এলাকায় তেমন আসেননি বললেই চলে। এমনকি নেত্রকোনায় তাঁর যে ডাক্তারি চেম্বার ছিল, তা-ও তিনি গুটিয়ে নিয়েছেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনও তিনি অনুপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘তাঁদের এ অভিযোগ সত্য নয়। আমি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এলাকায় ১৭ নভেম্বর, ১৬ ডিসেম্বরের কর্মসূচিসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। বর্তমানে আমার বিরুদ্ধে শহরের গরুহাট্টা এলাকায় যানবাহন পোড়ানোর মিথ্যা মামলা রয়েছে। নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় ১২ এপ্রিলের পর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পানিনি। তবে নিয়মিত তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। গ্রেপ্তারকৃত অসহায় নেতাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছি।’ তিনি বলেন, ‘নেত্রকোনায় আমার ডাক্তারি চেম্বার বন্ধ করিনি। সরকারদলীয়রা হামলা চালিয়ে ভেঙে দিয়েছে।’
সম্মেলনকেন্দ্রিক নানা তথ্য উদ্ধৃত করে জেলার ও তৃণমূল নেতা-কর্মীরা জানান, জেলা বিএনপিতে এখন দুটি ধারা। একদিকে সভাপতি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ও সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান। অন্যদিকে ‘পদবঞ্চিত ও উপেক্ষিত নেতা-কর্মীরা’ এখন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এঁদের দাবি, অপূর্ণাঙ্গ কমিটি আসলে একটি পকেট কমিটি হয়েছে। সক্রিয় নেতা-কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা এখন দ্রুত প্রয়োজন।
সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান বলেন, কাউন্সিলররা সরাসরি ভোট দিয়েছেন। ৯৫ শতাংশের বেশি ভোট পড়েছে। কাউকেই কোণঠাসা করে রাখা হয়নি। তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা আটক থাকায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা সম্ভব হয়নি।
জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান বলেন, জেলা বিএনপিতে কোনো কোন্দল বা গ্রুপিং নেই। অনেকে পদের আশায় বিরোধপূর্ণ কথা বলছেন। তিনি বলেন, প্রায় ১৯ বারের মতো দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। সব কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। তারপরও বিএনপি টিকে আছে।