ভেতরে বিএনপির সেমিনার, বাইরে মানববন্ধন করে জিয়াকে বিষোদগার
‘কর্তৃত্ববাদী শাসনে অধিকারহীনতা’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করেছিল বিএনপি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলশানের লেকশোর হোটেলে এ সেমিনার হয়। এতে বিভিন্ন দলের রাজনীতিক এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরাও আমন্ত্রিত ছিলেন। কিন্তু এই সেমিনার শুরুর আগেই হোটেলের সামনের সড়কে ‘২ অক্টোবর, ১৯৭৭ সেনা ও বিমানবাহিনীর নিহত সদস্য ও পরিবারবর্গ’-এর ব্যানারে মানববন্ধন করেন একদল ব্যক্তি। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিষোদগার করা হয়। তাঁদের এই মানববন্ধনে বিএনপির সেমিনারের ছন্দপতন হয়।
আজ বিকেল চারটার দিকে লেকশোর হোটেলে সেমিনার শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের এই হোটেলের সামনের সড়কের ফুটপাতে একদল মানুষ ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ান। এ সময় সংগঠনের নেতারা হাতমাইক দিয়ে বক্তৃতাও করেন। সন্ধ্যা ছয়টায় বিএনপির সেমিনার শেষ হওয়া পর্যন্ত মানববন্ধন করেন তাঁরা।
তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘১৯৭৭ সালের ২ অক্টোবর তথাকথিত বিদ্রোহ দমনের নামে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুতির ঘটনায় খুনি জিয়ার মরণোত্তর বিচারের দাবিতে মানববন্ধন’, ‘১৯৭৭ সালে খুনি জিয়ার গুম, ষড়যন্ত্র, ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্যরা ছাড়াও গুলশান ও বনানী এলাকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা অংশ নেন।
মানববন্ধনে একটি লিখিত বক্তব্যও বিতরণ করা হয়। তাতে বলা হয়, ‘১৯৭৭ সালের ২ অক্টোবর জেনারেল জিয়াউর রহমানের ষড়যন্ত্রে তথাকথিত সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। সেই কথিত বিদ্রোহ দমনের নামে জিয়া যাঁদের ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করেছেন, তাঁরা এ দেশের স্বাধীনতাসংগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। খুনি জিয়া খাবার টেবিলে বসে এক হাতে কাঁটা চামচ দিয়ে খাবার খেতেন, অন্য হাত দিয়ে মৃত্যুদণ্ডাদেশ ফাইলে স্বাক্ষর করতেন। ফাঁসিতে মৃত্যুদণ্ড যাতে দ্রুত হয়, সে জন্য সেনা ও বিমানবাহিনীর সদস্যদের হাত, পা ও চোখ বেঁধে মঞ্চে পায়ে বালির বস্তা বেঁধে দেওয়া হতো। ফলে শরীর থেকে গলা ছিঁড়ে মাথা ও শরীর দ্বিখণ্ডিত হয়ে যেত। তাতে কী মানবাধিকার লঙ্ঘিত হয়নি?’
সংগঠনের সমন্বয়কারী গাজী মো. গোলাম মাওলা বলেন, ‘আজ সেই ঠান্ডা মাথার খুনি জেনারেল জিয়ার দল মানবাধিকার নিয়ে বিভিন্ন মহলে অনেক কথা বলছে, এসব কারণেই আমরা এই খুনি জিয়ার মরণোত্তর বিচার চাই।’
এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, মানবাধিকারবিষয়ক সেমিনার যাতে হতে না পারে, সে জন্য পুলিশের সহায়তায় একটি ভুঁইফোড় সংগঠন দাঁড় করিয়ে মানববন্ধনের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশর গণতন্ত্র, নাগরিক অধিকার ও মানবাধিকার যে এখন কোথায়—এ ঘটনা তার চাক্ষুষ চিত্র। পুলিশের সহায়তা ছাড়া এভাবে একটি ভেন্যুতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে? তারা জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে, একটা সেমিনারকেও সহ্য করতে পারছে না।’
আমীর খসরু অভিযোগ করে বলেন, হোটেলের সামনে মানববন্ধনের নামে জটলা সৃষ্টির কারণে বিদেশি কূটনীতিকদের অনেককে আসতে পারেননি। পুলিশ হোটেলের আশপাশেরর কয়েকটি সড়কে যানবাহন চলাচল ঘুরিয়ে দিয়েছে।