রাত পোহালেই নির্বাচন। নির্বাচন উপলক্ষে পুরো ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণায় কমতি ছিল না তাঁর। কেন্দ্রের এজেন্টও ঠিক করা। তাঁর পক্ষে নির্বাচনী এলাকায় গিয়ে গণসংযোগ ও উঠানবৈঠক করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতারা।
কিন্তু সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে অনুসারী কিছু লোক নিয়ে নির্বাচনের ১২ ঘণ্টা আগে আওয়ামী লীগে যোগদান করেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম। গতকাল শুক্রবার রাত আটটায় কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। সাংসদ তাঁকে ফুল দিয়ে দলে বরণ করে নেন। নির্বাচন শুরুর আগের দিন কোনো প্রার্থীর দলবদলের নজির কুমিল্লায় এটিই প্রথম বলে রাজনৈতিক ব্যক্তিরা জানান। আজ শনিবার এ ইউনিয়নে নির্বাচন। সকাল আটটায় ওই নির্বাচন শুরু হবে। একটানা ভোট গ্রহণ হবে বিকেল চারটা পর্যন্ত।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘মাহবুব জীবনের নিরাপত্তার জন্য নির্বাচন থেকে সরে গেছেন। আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। তাই তিনি নির্বাচনে নেই।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘সৈয়দ জাহাঙ্গীর সাহেব তাঁকে মনোনয়ন দিয়েছেন। দল থেকে এ রকম কেউ চলে গেলে বিএনপির কিছু হবে না। বিষয়টি আমি শুনেছি। ওই ইউনিয়নে বিএনপির অনেক জনসমর্থন ও ভোটার রয়েছেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাঁর নামে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। তাই তিনি নিষ্ক্রিয় হলেও ব্যালটে তাঁর মার্কা থাকছেই।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, বিএনপির মাহবুব আলম, জাতীয় পার্টির জসিম উদ্দিন তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু হানিফ পাঠান। এর মধ্যে মাহবুব আলম নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
দলে যোগ দিয়ে মাহবুব আলম বলেন, ‘শেখ হাসিনার প্রতি আনুগত্য ও এমপি বাহাউদ্দিনের হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগে যোগদান করি। একই সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমার কর্মীদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছি। কোনো চাপে নির্বাচন থেকে সরে যাইনি।’
আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ বলেন, ‘মাহবুবের যোগদান দলকে আরও গতিশীল করবে। নিজ উদ্যোগেই তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এ ক্ষেত্রে তাঁকে কেউ কোনো ধরনের চাপ দেয়নি।’