ভোট চাইতে গিয়ে সাবেক চেয়ারম্যান গণরোষে
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী ইউনুস আলী ভোট চাইতে গিয়ে গণরোষের শিকার হয়েছেন। গতকাল সোমবার উপজেলার ভেনলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, চাঁপাপুর ইউপির চেয়ারম্যান থাকাকালে ইউনুস আলী গত ২০০৯-১০ অর্থবছরে ভেনলা বড় মসজিদের নামে তিন টন গম বরাদ্দ দেন। সে সময় ওই গম বিক্রি করে চেয়ারম্যান ইউনুস আলী মসজিদ কর্তৃপক্ষকে মাত্র ১০ হাজার টাকা দেন। বাকি টাকা পরে দেবেন বলে মসজিদ কমিটিকে প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তী সময়ে আর সে টাকা দেননি তিনি। সে সময় এ বিষয়টি নিয়ে মসজিদ কমিটি ও গ্রামের লোকজন কয়েক দফা ইউনুস আলীর কাছে গেলেও তিনি টাকা দেননি। উল্টো ভয়ভীতি দেখিয়ে তাঁদের তাড়িয়ে দেন। গতকাল সকালে ইউনুস আলী ভেনলা গ্রামে ভোট চাইতে গেলে মসজিদ কমিটির পক্ষে গ্রামের লোকজন সেই গমের টাকা দাবি করেন। তাঁরা ইউনুস আলীকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন।
মসজিদ কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, গতকাল সকালে ভেনলা গ্রামে ভোট চাইতে এলে গ্রামবাসীর রোষানলে পরেন ইউনুস আলী। একপর্যায়ে সাত হাজার টাকা নগদ দিয়ে ও বাকি আরও ২০ হাজার টাকা পরে পরিশোধ করবেন মর্মে লিখিত দেন।
ইউনুস আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। তবে ওই গ্রামে গেলে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে তাঁর প্রচারণায় বাধা দেন।