ভোট ছাপিয়ে উন্নয়ন না হওয়ার ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-চান্দগ্রাম সড়কের বড়লেখা উপজেলার নিখড়ি ব্রিজ অতিক্রম করতেই টের পাওয়া গেল, বড়লেখা পৌরসভায় নির্বাচন হচ্ছে। চোখে পড়ল গাছে ঝোলানো ও বাড়ির দেয়ালে সাঁটা নির্বাচনী পোস্টার। কাঁঠালতলি, পাখিয়ালাসহ বাজারগুলোতে সুতায় শোভা পাচ্ছে পোস্টারের সারি। পৌর শহর, পৌরসভার গ্রাম ও পাড়ার একই চেহারা।
তবে ভোটের আলোচনায় প্রার্থী ও প্রতীকের বিষয়টি ছাপিয়ে অনেক জায়গায় ভাঙা সড়ক এবং জলাবদ্ধতার সংকট নিরসনসহ এলাকার উন্নয়ন না হওয়ার ক্ষোভই বড় হয়ে উঠেছে।
বড়লেখা সদরের কাছেই মহুবন্দ এলাকা। একটু ভেতরে গেলেই খোলা মাঠ। পাকা সড়কের দুই পাশে ধানখেত। এবড়োখেবড়ো পথ ধরে হাঁটতে হাঁটতে একটি বাড়িতে পাওয়া গেল আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে। গণসংযোগ করছেন তিনি। কামরান চৌধুরী প্রথম আলোকে বললেন, ‘এটা আমার এলাকা (তাঁর বাসা এই এলাকাতে)। আমি একাই সবার বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলছি। আর কাউকে সাথে নিইনি।’
পৌরসভায় থাকার সুবিধা-অসুবিধা নিয়ে কথা উঠতেই এই বাড়ির মালিক আজমল আলী (৬০) প্রথম আলোকে বলেন, ‘সামনের যে রাস্তা দেখছইন। কোমর সমান পানি অয়। একটা ড্রেন নাই। নিজেরা মাটি কাটি পানি যাওয়ার ব্যবস্থা করছি।’ আজমল আলীর মা ছলিকা বেগম (৮০) বললেন, ‘পৌরসভার ভিতর আমরা আছি। ঘরও কারেন্টই নাই। লেমর (কুপি বাতি) কালি ছাড়াইতে ছাড়াইতে আতো (হাতে) বেদনা অই যায়।’ বিদ্যুতের জন্য সমিতির সদস্য হয়েও সংযোগ না পাওয়ার কথা কামরান চৌধুরীকে সাক্ষী রেখে জানালেন বাড়ির লোকজন। এই এলাকাটি পৌর ভবন থেকে আধা কিলোমিটারের মধ্যে পড়েছে।
সোনাপুর এলাকার একটি বাড়ির সামনের রাস্তার এক পাশে বসে জ্বালানি কাঠ কাটছিলেন ছফিয়া বেগম (৫৫)। ভোটের প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, ‘সারাও (সব প্রার্থীই) নিজের। সারাও মুখ চিনা। রাইতে দিনে চিন্তাত আছি কারে যে ভোট দেই কারে না। অখন ভাবছি ১০-১২টা ভোট আছে আমার (পরিবারের সদস্যদের)। বউরারে (ছেলেদের স্ত্রী) কইমু বাটিয়াচাটিয়া (ভাগ করে) দিলাইতা। হকলউ (সবাই) খোশ থাউককা।’
পৌরসভার আহমদপুর এলাকার ব্যবসায়ী জামাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘পৌরসভায় থাকলে কিতা (কী) অইতো। ইউনিয়ন থাকি উন্নত অওয়ার (হওয়ার) কথা। কিন্তু পাঁচ বছরে কোনো উন্নয়ন অইছে না। রাস্তা ভাঙা। আমরার এলাকায় কোনো ড্রেন নাই। ভোট আইছে। অনেকেই আইরা। দেখা যাউক কিতা অয়।’
ধানখেতের বুক চিরে আসা আহমদপুর-পাখিয়ালা সড়ক ধরে আসার পথে সোনাপুর এলাকায় দেখা গেল, একটি মোটরসাইকেলের তিন আরোহী সাইকেল থামিয়ে পথচারী দুই নারীর হাতে প্রচারপত্র বিলি করছেন। মোটরসাইকেল আরোহীর একজন রেহান পারভেজ। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর পদপ্রার্থী। পাখিয়ালা চৌমোহনা এলাকায় একটি চা-স্টলে বসে চা খেতে খেতে শোনা গেল নির্বাচন নিয়ে অনেকের চুপিচুপি হিসাব-নিকাশ।
পাখিয়ালা চৌমোহনা থেকে দরগাবাজার যাওয়ার জন্য একজন রিকশাওয়ালাকে বলতেই তিনি বেঁকে গেলেন। তিনি ওই পথে যাবেন না। বেশি ভাড়ার কথা বলে তাঁকে রাজি করানো হলো। রিকশাওয়ালা আশরাফ উদ্দিন বলেন, ‘এদিকে আমার বাড়ি। সকালে আই। আর একবারে বিকালে যাই। ভাঙা রাস্তা দিয়া কেউ যাইতে চায় না। টন টন করি সিক (রিকশার চাকার শিক) ভাঙে। এ রাস্তায় ছয়বার গেলে নয়বার ভাত খাওয়া লাগে।’ রিকশা চড়তে গিয়ে গর্তের পর গর্তে ঝাঁকুনিতে তাঁর কথার সত্যতা হাড়ে হাড়ে টের পাওয়া গেল। ভোটের প্রসঙ্গ তুলতেই আশরাফ উদ্দিন বলেন, ‘ভোট দিয়া কিতা করতাম। রিকশা চালাই খাই। সরকারি রিলিফটিলিপ কুনতাইতো (কোনো কিছু) পাই না। মনে অয় আমরা লন্ডনি টাকা রুজি করি। কারে ভোট দিতাম। দেখা যায় তো সবাই ভালা।’
দরগাবাজারে একটি খোলা চা-স্টলে বসে চা খাচ্ছিলেন পৌরসভার মুড়িরগুল এলাকার নিজাম উদ্দিন (৭৫) ও জহির আলী (৭৫)। তাঁদের কথায়ও উন্নয়ন না হওয়ার ক্ষোভ।
বড়লেখা পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছেন ছয়জন। আওয়ামী লীগের আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপির আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টির মীর মুজিবুর রহমান (লাঙ্গল), জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ (মোবাইল ফোন), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর নূর (নারকেলগাছ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান (জগ)।
বড়লেখা পৌরসভা সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটার ১৩ হাজার ৩৩৫ জন। ২০০৪ সালে পৌরসভাটি ‘খ’ গ্রেডে উন্নীত হয়। ১৫ বছরেও নিজস্ব পৌর ভবন হয়নি।
ঘুরতে ঘুরতে ততক্ষণে বেলা বিকেলের দিকে গড়িয়ে গেছে। প্রার্থীদের প্রচারের মাইক বেরিয়েছে।