ভোট দিতে কেন্দ্রে যাননি স্বতন্ত্র মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন। কিন্তু গতকাল বুধবার নির্বাচনের দিন ভোট দিতে তিনি কেন্দ্রে যাননি।
আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর প্রশাসক এস এম এ ফারুক বাবুল। আওয়ামী লীগের প্রার্থী টেকনাফের সাংসদ আবদুর রহমান বদির চাচা।
বিএনপির প্রার্থী জাবেদ হাসান অসুস্থতার কারণ দেখিয়ে মনোনয়নপত্রই জমা দেননি।
গতকাল সকাল নয়টায় ২ নম্বর ওয়ার্ডের টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্টের দেখা পাওয়া যায়নি। প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৭২ জন। এক ঘণ্টায় ৪৩১টি ভোট পড়েছে।
৯ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী আইরিন পারভিন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল আবসার বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম এ ফারুক বাবুল এ কেন্দ্রে ভোটার হলেও তিনি নিজের ভোট দিতে কেন্দ্রে আসেননি।
স্বতন্ত্র মেয়র প্রার্থীর স্ত্রী আইরিন পারভিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জেলা নির্বাচন কর্মকর্তা আমার স্বামীর মনোনয়নপত্র বাতিল করেন। এরপর তিনি উচ্চ আদালতের আশ্রয় নিলে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তখন ভোট গ্রহণের বাকি ছিল পাঁচ দিন। তিনি নির্বাচনের সময় বাড়ানোর জন্য ঢাকায় (নির্বাচন কমিশনে) দৌড়াদৌড়ি করতে করতে এলাকায় এসে নিজের ভোটটিও দিতে পারেননি।’ নয়টি ওয়ার্ডে কোনো এজেন্ট দেওয়া হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রচার-প্রচারণা ও ভোটারদের দুয়ারে দুয়ারে যেখানে যেতে পারেননি, সেখানে এজেন্ট দিয়ে লাভ কী হবে।’
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও টেকনাফ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজের ভোটটিও দিতে কেন্দ্রে আসেননি বলে ৯ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে শুনেছি।’