ভোট নিয়ে আ.লীগ বিএনপি, বিদ্রোহী ভোটার সবাই সন্তুষ্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীরা। দুই দলের ‘বিদ্রোহী’ দুই মেয়র পদপ্রার্থীর নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই।
গতকাল বুধবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পৌরসভার নয়টি কেন্দ্রের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সেনবাগ বাজারের ব্যবসায়ী মাকছুদ আহম্মদ বলেন, ভোটাররা নিজেদের ইচ্ছামতো ভোট দিতে পেরেছেন।
নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী জহিরুল ইসলাম চৌধুরী ওরফে লিটন। প্রথম আলোকে তিনি বলেন, সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা তাঁদের ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ফারুক বাবুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের ভূমিকা ছিল নিরপেক্ষ।’
একই কথা বলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী। তিনি মুঠোফোনে বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। দুই দলের প্রার্থী, দলীয় নেতা-কর্মী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাসহ সবাই সহযোগিতা করায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হয়েছে।’
আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র আবু জাফর ওরফে টিপু প্রথম আলোকে বলেন, নির্বাচন নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নজির স্থাপিত হয়েছে এখানে। ভোটাররা যে রায় দেবেন, সেটিই তিনি মেনে নেবেন।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবু নাছের ওরফে দুলাল বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্রেই প্রভাব বিস্তারের ঘটনা ঘটেনি। রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার কারণেই এটি সম্ভব হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীসহ সবার সহযোগিতার কারণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা সম্ভব হয়েছে।