বঙ্গবন্ধু কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, বঙ্গবন্ধুর মায়ের নাম কী, ১৫ আগস্টের শহীদদের নাম কী, এক-এগারোর সময় নেত্রী কত তারিখে গ্রেপ্তার হয়েছিলেন—এ রকমই ছিল মৌখিক পরীক্ষার প্রশ্ন। রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতা নির্বাচনের জন্য এই পরীক্ষা।
চার বছর পর গত বুধবার রাতে এভাবে পরীক্ষা নিয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সারা দিন সম্মেলন অনুষ্ঠান শেষে রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বসে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নেতারা নতুন সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতজন নেতার নাম ঘোষণা করেন।
ছাত্রলীগের কাছ থেকে জানা যায়, এর আগে ২০১০ সালের ৩ জুন এক বছর মেয়াদের জন্য রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এবার সম্মেলনের জন্য মহানগর ছাত্রলীগের ১২টি ইউনিটের মধ্যে ১১টি ইউনিটের কাউন্সিল হয়। ইউনিটগুলো হলো মহানগরের পাঁচটি থানা, সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান—রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সিটি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজে, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তবে শেষের প্রতিষ্ঠানটিতে কাউন্সিল হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন নেতা বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। চেয়েছিলাম নির্বাচন হোক। তাহলে নেতাদের সঙ্গে কর্মীদের সম্পর্ক নিবিড় থাকে। কর্মীদের কাছে নেতাদের আসতেই হয়। একটা জবাবদিহি থাকে। ভাইভা ভালো। তবে ভাইভা নিয়েই প্রার্থী মনোনয়ন দিয়ে তাদের মধ্যে ভোটাভুটি হওয়া দরকার।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কেন্দ্রীয় কমিটির নেতারা রাজশাহী মহানগর ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেন। তারপর একে একে সবার সাক্ষাৎকার নেওয়া হয়। এতে বঙ্গবন্ধুর ভাইয়ের নাম, বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি, কী নাম, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়া আছে কি না, আওয়ামী পরিবারের তিনটি ১৭ তারিখের তাৎপর্য কী, বঙ্গবন্ধুর জন্মতারিখ কবে, জাতীয় চার নেতার মৃত্যু দিবস ইত্যাদি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, অধিকাংশ নেতাই বেশির ভাগ প্রশ্নের জবাব দিতে পারেননি।
সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।
এ সময় নেতা নির্বাচন বোর্ডে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বদিউজ্জামান, সিদ্দিকী নাজমুল আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মৌখিক পরীক্ষা শেষে প্রার্থীদের মধ্যে সমঝোতা করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এতে ছাত্রলীগের রাজশাহী কলেজ শাখার সভাপতি রকি কুমার ঘোষকে সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রাজীব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি অনিকা ফারিহা জামান ও রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম খান ও মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আলী নূর।
সদ্য সাবেক সভাপতি শফিকুজ্জামান বলেন, কথা ছিল যে সমঝোতা না হলে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে যেহেতু সমঝোতা হয়ে গেছে, সেহেতু ভোটের প্রয়োজন পড়েনি।