মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দীন আহমদ ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।
একই দাবিতে গত ৩১ ডিসেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ই-মেইল ও ফ্যাক্সে লিখিত আবেদন পাঠান। গতকাল বিকেলে পৌর শহরের নিজের বাসায় তিনি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলন শুরু হয়। মেয়র প্রার্থী কামাল উদ্দীন আহমদ তাঁর লিখিত বক্তব্যে অভিযোগ করেন, পৌরসভার ইয়াকুব-তাজুল মহিলা কলেজ ও আমীর-ছলফু প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সঠিকভাবে ভোট গণনা হয়নি। ভোট গণনার প্রায় আড়াই ঘণ্টা পর আমীর-ছলফু বিদ্যালয় কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণকক্ষে নিয়ে আসা হয়। এ ব্যাপারে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট সাইফুর রশীদ ৩১ ডিসেম্বর কুলাউড়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে লিখিত আবেদন নিয়ে যান। কিন্তু তা গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে কুলাউড়া থানায় সাধারণ জিডি করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।
কামাল উদ্দীন আহমদ অভিযোগ করেন, ফলাফল শিটে তাঁর প্রধান নির্বাচনী এজেন্টের সই ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়। তিনি নয়টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশনে ফলাফল পাঠানোর পর বিএনপির প্রার্থীর পক্ষে ভোট পুনর্গণনার আবেদন নিয়ে আসা হয়। এ অবস্থায় আমাদের আবেদন গ্রহণের কোনো সুযোগ ছিল না। আর ফলাফল শিটে স্বাক্ষর না করলেও এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি।’
কুলাউড়া থানার ওসি মো. শামছুদ্দোহা বলেন, জিডির বিষয়ে তাঁর কাছে কেউ যাননি।