ভোট পুনর্গণনার দাবিতে মামলা কাউন্সিলর প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচনে একটি ওয়ার্ডের ভোট কারচুপির অভিযোগ এনে এবং ফলাফল বাতিল করে ভোট পুনর্গণনার দাবিতে গতকাল বুধবার নারায়ণগঞ্জ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন এক কাউন্সিলর প্রার্থী।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম এই মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে এই ওয়ার্ডে তিনিসহ পাঁচজন প্রার্থী ছিলেন। ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা তাঁর এজেন্টের কাছ থেকে অলিখিত রেজাল্ট শিটে স্বাক্ষর নেন। পরে বিজয়ী প্রার্থীর লোকজনের যোগসাজশে তাঁর এজেন্টসহ অন্য প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে মাত্র এক ভোটের ব্যবধানে বাদীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাঈম আহম্মেদকে বিজয়ী ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী হাসান ফেরদৌস প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। ৩১ জানুয়ারি এ মামলার শুনানি হবে।