ভোট বর্জন করতে চেয়েছিলেন জাপা-সমর্থিত মেয়র প্রার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষমতাসীনদের ব্যাপক কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখল’ দেখে নির্বাচনের দিন সকালেই ভোট বর্জনের ঘোষণা দিতে দলকে তাগাদা দিয়েছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে জাতীয় পার্টি-সমর্থিত তিন মেয়র পদপ্রার্থী। কিন্তু দল তাঁদের পরামর্শ শোনেনি।
জাতীয় পার্টির (জাপা) একাধিক নেতা প্রথম আলোর কাছে দাবি করেন, প্রার্থীদের কাছ থেকে ভোটের পরিস্থিতি জেনে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিতে চেয়েছিলেন। পরবর্তী নির্দেশের জন্য একজন প্রার্থীকে অপেক্ষায়ও থাকতে বলেছিলেন তিনি। কিন্তু ভোট বর্জন করলে রাজনৈতিকভাবে বিএনপি লাভবান হবে, এ বিবেচনায় দলের নীতিনির্ধারকেরা সে পথে যাননি।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটি নির্বাচনে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) সমর্থিত তিন মেয়র পদপ্রার্থী জামানত হারিয়েছেন। তিন মেয়র পদপ্রার্থী সাকল্যে ভোট পান সাড়ে ১৩ হাজার।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী বাহাউদ্দিন আহমেদ (বাবুল) ‘চরকা’ প্রতীকে ২ হাজার ৯৫০ ভোট, দক্ষিণে সাইফুদ্দিন আহমেদ মিলন (সোফা) ৪ হাজার ৫১৯ ভোট এবং চট্টগ্রামে সোলায়মান আলম শেঠ (ডিশ অ্যান্টেনা) ৬ হাজার ১৩১ ভোট পান।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ৮১ জন কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দিয়েছিল জাপা। জিততে পেরেছেন মাত্র একজন। তিনি ঢাকা উত্তরের ৩১ নম্বর ওয়ার্ডে জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
ঢাকা ও চট্টগ্রামের জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থীরা বলেন, ‘ভোটের দিন সকালে সরকারি দল-সমর্থিত প্রার্থীদের কেন্দ্র দখল করে ব্যালট পেপারে গণসিল মারার তথ্য’ তাঁরা দলীয় চেয়ারম্যান ও মহাসচিবকে ফোন করে জানিয়েছিলেন। কিন্তু কেন নির্বাচন বর্জন করা হলো না, তা তাঁরা জানেন না।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ ওরফে মিলন প্রথম আলোকে বলেন, ‘সকাল নয়টায় ভোটকেন্দ্রে যাই। গিয়ে দেখি, কেন্দ্র দখল করে গণসিল মারা হচ্ছে। এ কথা চেয়ারম্যান ও মহাসচিবকে বলেছি। ব্যক্তিগতভাবে আমি ভোট বর্জনের পক্ষে ছিলাম। কিন্তু বর্জন না করার সিদ্ধান্ত দলের।’
চট্টগ্রামের মেয়র পদপ্রার্থী সোলায়মান আলম শেঠ বলেন, দুপুর ১২টার দিকে তিনি ভোটের পরিস্থিতি দলের চেয়ারম্যানকে জানিয়ে নির্বাচন বয়কট করার অনুমতি চেয়েছিলেন। তিনি বলেন, ‘স্যার (এরশাদ) বলেছেন, বয়কট কোরো না, চালিয়ে যাও।’
জাপার সূত্র জানায়, মাঠের পরিস্থিতি দেখে ঢাকা মহানগর থেকে নির্বাচিত দলীয় এক সংসদ সদস্য একাধিক সাংবাদিককে ফোন করে জানান, দুপুরের দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হবে। এর জন্য তিনি দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদকে নিয়ে এরশাদের সঙ্গে দেখা করেন। তবে ওই বৈঠকে নির্বাচনে থাকার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জানার জন্য জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিশ্রামে আছেন জানিয়ে পরে ফোন করতে বলেন। এরপর তিনি আর ফোন ধরেননি। দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদকে একাধিকবার ফোন করলে তিনিও ধরেননি।
তবে এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় স্বীকার করেন, ভোট শুরুর দু-তিন ঘণ্টা পর নির্বাচন বর্জন করার কথা উঠেছিল। তবে ভোট বর্জন করলে দলের অর্জনটা কী হবে? এতে আদতে লাভবান হতো কারা—এসব ভেবে আর করা হয়নি।
জাপার ঢাকা ও চট্টগ্রামের দুই মেয়র প্রার্থী মনে করেন, সিটি নির্বাচন সুষ্ঠু না হওয়ার দায় প্রধান নির্বাচন কমিশনারের। নির্বাচনে সেনা মোতায়েন না করায় কেন্দ্র দখল করে ভোট ডাকাতি হয়েছে।
চট্টগ্রামের মেয়র প্রার্থী সোলায়মান শেঠ বলেন, চট্টগ্রামে ভোটের দিন কেন্দ্রে হাজার হাজার বহিরাগত লোক এসেছে। তারা কারা? তিনি বলেন, মনজুর আলম সকাল ১০টা পর্যন্ত ভোট করে যদি তিন লাখ ভোট পান, চারটা পর্যন্ত থাকলে তো ১২ লাখ ভোট পেতেন।
ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ বলেন, বিএনপি যাতে পরে আফসোস করে, সে জন্য তাদের এত ভোট দেওয়া হয়েছে। আর কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে জেতানোর উদ্দেশ্য হচ্ছে, নির্বাচনকে গ্রহণযোগ্য দেখানো।