ভোট গ্রহণ শুরু হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে নোয়াখালী পৌরসভা নির্বাচন বর্জন করার ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদ প্রশাসন ও সরকারি দলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল ১০টার দিকে গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বেলা ১১টার দিকে দারু সুন্নাহ আরাবিয়া মাদ্রাসা কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ দুটি ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
শহরের রশিদ কলোনিতে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের বাসভবনে সংবাদ সম্মেলন করে দলের প্রার্থী হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেন, ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরে বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান নেয়। তারা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রের আশপাশের এলাকাতেও যেতে দেয়নি। তিনি অভিযোগ করেন, প্রভাতি স্কুল, আহমদিয়া উচ্চবিদ্যালয়, কারামতিয়া আলিয়া মাদ্রাসা, ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, ব্রাদার আঁন্দ্রে উচ্চবিদ্যালয়সহ ১৫টি ভোটকেন্দ্রে বিএনপির কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। সরকারি দলের লোকজন চর দখলের মতো বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে নেয়। তাঁর অভিযোগ, সরকারি দলের প্রার্থীর পক্ষে রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করেছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ বি এম জাকারিয়া, আবদুর রহমান ছাড়াও কয়েকটি ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী শহিদ উল্যাহ খান ওরফে সোহেল দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপির মেয়র প্রার্থী মিথ্যা ও মনগড়া অভিযোগ করেছেন। কোথাও কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। অথচ তিনি অপপ্রচার চালাচ্ছেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে বিএনপির প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, যেসব কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে, তার কয়েকটিতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে এজেন্টকে নিয়ে আসতে বলেছেন, কিন্তু কোনো এজেন্ট আসেননি। আর বহিরাগতরা কেন্দ্র দখল করেছে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।