ভোট শেষে ক্লান্ত বিধ্বস্ত সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাখাওয়াত হোসেন ভোট দেন নারায়ণগঞ্জ সদরের আদর্শ স্কুল কেন্দ্রে l প্রথম আলো
সাখাওয়াত হোসেন ভোট দেন নারায়ণগঞ্জ সদরের আদর্শ স্কুল কেন্দ্রে l প্রথম আলো

গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান যখন ভোট দিয়ে দিন শুরু করেন, তখন চোখে-মুখে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। দিনভর ছুটেছেন শহরের এ মাথা ও মাথা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যেন তাঁর কপালে চিন্তা আর ক্লান্তির ছাপ অনেকটা স্পষ্ট হয়ে উঠছিল। ভোট শেষে যখন তিনি ফিরে আসেন, তখন ক্লান্ত, বিধ্বস্ত।

সাখাওয়াত হোসেন ভোট দেন নারায়ণগঞ্জ সদরের আদর্শ স্কুল কেন্দ্রে। ভোট দিয়েই সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি যেকোনো রায় মেনে নেবেন। সকালেই ঘোষণা করেন, তিনি মাঝপথে নির্বাচন থেকে সরে যাবেন না। তিনি আশা করেন, সরকারও এমন কিছু করবে না, যাতে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন।

শেষ পর্যন্ত সে ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সাখাওয়াতও নির্বাচন ছাড়েননি। সারা দিন ছুটেছেন। সঙ্গে ছিলেন কর্মী-সমর্থকেরা। শহর, বন্দর, সিদ্ধিরগঞ্জ নগরের তিন প্রান্তে ৬০টির বেশি ভোটকেন্দ্রে ঢুঁ মারেন বিএনপির প্রার্থী। ভোট দেওয়ার পর শহরের নিতাইগঞ্জ, জয়গঞ্জ, পাইকপাড়া, কিল্লারপুল, হাজীগঞ্জ হয়ে সাখাওয়াত চলে যান সিদ্ধিরগঞ্জে। সিদ্ধিরগঞ্জ থেকে বন্দর হয়ে সন্ধ্যায় ফেরেন ক্লান্ত সাখাওয়াত।

তবে দুপুরের দিকে তাঁর কপালে যেন একটু চিন্তা আর ক্লান্তির ভাঁজ আঁচ করা গিয়েছিল। হয়তো তাঁর এই চিন্তা ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে। আইইটি সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে সাখাওয়াত সাংবাদিকদের বলেন, কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি খুব কম। তাঁর ধারণা, কারও প্রভাবে প্রভাবিত হয়ে বা ভীত হয়ে অনেকে ভোটকেন্দ্রে যাননি। সিদ্ধিরগঞ্জে গিয়ে তিনি অভিযোগ করেন, ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে অনেকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারছেন না। তবে কে বা কারা হুমকি দিয়েছে, কে প্রভাবিত করছে, তা তিনি স্পষ্ট করেননি।­