ভোট সুষ্ঠু হলে বিএনপি ৮০ ভাগ পৌরসভায় জিতবে: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সুষ্ঠু হলে ৮০ ভাগ পৌরসভায় বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। 

আজ শুক্রবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গয়েশ্বর ও দলটির নেতা-কর্মীরা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় ভোট নেওয়া হবে। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট অংশ নিচ্ছে।
পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয়ের ব্যাপারে তাঁরা কতটা আশাবাদী জানতে চাইলে গয়েশ্বর রায় বলেন, নির্বাচনের ফলাফল কী হবে, সেটা সবাই জানে। কেন সেটা হবে, তা-ও সবাই বোঝে। এর পরও এই নির্বাচনে মানুষ ভোট দিতে পারলে, নির্বাচন সুষ্ঠু হলে, তাদের দলের প্রার্থী শতকরা ৮০ ভাগ পৌরসভায় বিজয়ী হবেন। আর জনগণ ভোট না দিতে পারলে জয়ের সম্ভাবনা শূন্যে নেমে যাবে। তিনি বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে বিএনপি আন্দোলনের অংশ হিসেবেই দেখছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান, মুক্তিযুদ্ধ প্রজন্মের সভানেত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।