নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের জন্য গতকাল রোববার তৃণমূলের নেতারা ভোটাভুটি অংশ নিলেও ফল ঘোষণা করা হয়নি। উল্টো ঢাকা থেকে দলীয় প্রার্থী ঘোষণার কথা জানানো হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেতা-কর্মীরা।
আগামী ২০ মার্চ কবিরহাট পৌরসভার নির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী দুজন। তাঁরা হলেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ওরফে রায়হান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রেজাউল হক ওরফে শাহীন।
দলীয় সূত্র জানায়, প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গতকাল উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা পৌরসভার পুরাতন কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে তৃণমূলের নেতারা ভোটাভুটির সিদ্ধান্ত নেন। পৌর ও ওয়ার্ড শাখার সভাপতি-সম্পাদকেরা ভোটে অংশ নেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন সেলিম নির্বাচন পরিচালনা করেন। কিন্তু ভোট গ্রহণ শেষে তাঁরা ফল ঘোষণা করেননি। উপস্থিত নেতা-কর্মীদের তাঁরা জানান, ১৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ভোট গণনা করা হয়নি। ১৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।