ভোট হলো, কমিটি ঘোষণা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পৌর যুবলীগের সম্মেলন গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নতুন কমিটি গঠন করার জন্য গোপন ব্যালটে ভোট গ্রহণও করা হয়েছে। কিন্তু কারা নির্বাচিত হয়েছেন, তা জানানো হয়নি। নতুন কমিটির নাম ঘোষণা না করেই জেলার নেতা-কর্মীরা বগুড়া চলে গেছেন।
যুবলীগের স্থানীয় পাঁচ-ছয়জন নেতা-কর্মী জানান, পৌর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা নেতারা তাঁদের মধ্যে সমঝোতা করে কমিটি গঠনে ব্যর্থ হন। পরে ওই দুই পদে গোপন ভোট দেওয়া হয়। পৌর এলাকার ১৮ জন ভোটার ব্যালটে তাঁদের পছন্দের প্রার্থীর নাম লিখে জমা দেন। কিন্তু ভোট গ্রহণের পর নেতারা বগুড়ায় গিয়ে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়ে চলে যান। কিন্তু গতকাল রোববার বিকেলে এ সংবাদ লেখার সময় পর্যন্ত নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।
এ প্রসঙ্গে পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন বলেন, নতুন নেতৃত্ব নিয়ে স্থানীয় নেতাদের মতামত গ্রহণ করা হয়েছে। জেলা কমিটির নেতারা বগুড়ায় বসে সংগঠনের জন্য যেটা ভালো সেটাই করবেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দুপুরের পর থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতারা উপজেলা পরিষদের শহীদ হাফিজার রহমান মিলনায়তনের সামনে ভিড় জমাতে থাকেন। বিকেল পাঁচটার দিকে সম্মেলন শুরু হয়। পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।
সন্ধ্যায় দ্বিতীয় পর্বে কমিটি গঠনের জন্য অধিবেশন বসে ও ভোট গ্রহণ করা হয়।