ভোটকেন্দ্র পোড়ানো মামলার আসামি আওয়ামী লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটকেন্দ্র পোড়ানো মামলার আসামি, বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের নেতা মোখলেছুর রহমানকে (ডানে) ফুল দিয়ে আওয়ামী লীগে বরণ করে নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম l ছবি: সংগৃহীত
রাজশাহীর চারঘাটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটকেন্দ্র পোড়ানো মামলার আসামি, বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের নেতা মোখলেছুর রহমানকে (ডানে) ফুল দিয়ে আওয়ামী লীগে বরণ করে নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম l ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাটে ভোটকেন্দ্রে হামলা ও পোড়ানোর মামলার আসামি জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর একজন কর্মীও সরকারি দলে যোগ দেন। ফুলের তোড়া দিয়ে তাঁদের বরণ করে নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শলুয়া ডিগ্রি কলেজ মাঠে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শলুয়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ও জামায়াতকর্মী শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক হুমায়ূন কবির এবং তাঁদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন।
মোখলেছুর রহমানের বিরুদ্ধে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগের দিন রাতে শলুয়া ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র পোড়ানো, ভোটের দিনে হামলা ও ২০১২ সালে শলুয়া ডিগ্রি কলেজের মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলের অনুষ্ঠানে জারি করা ১৪৪ ধারা ভঙ্গের মামলা রয়েছে। এর মধ্যে ভোটকেন্দ্র পোড়ানো মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এরপর আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যোগদান অনুষ্ঠানে মোখলেছুরকে রাজশাহী-৪ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাশে বসে আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, যে দলের নেত্রী দেশে নৈরাজ্য সৃষ্টি ও ভোট বানচাল করার জন্য নেতা-কর্মীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দেন, তার রাজনীতি আর করবেন না।
গতকাল শুক্রবার মুঠোফোনে জানতে চাইলে মোখলেছুর রহমান স্বীকার করেন, তাঁর নামে ভোটকেন্দ্র পোড়ানো, ভোটের দিনে হামলা, ২০১২ সালে ১৪৪ ধারা ভঙ্গের মামলা রয়েছে। এসব মামলা তুলে নেওয়ার শর্তে তিনি আওয়ামী লীগে যোগ দিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁরা ‘দেখবেন’ বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাদের মুখোশ খুলে গেছে। তাই বিএনপির নেতা-কর্মীরা সারা দেশে দল ছাড়ছেন। দেশের উন্নয়নের অংশীদার হতে বিএনপির নেতা-কর্মীরা এখন আওয়ামী লীগে আসছেন।
ভোটকেন্দ্র হামলার ঘটনায় অভিযুক্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ফুলের তোড়া দিয়ে দলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল প্রথম আলোকে বলেন, দলে নতুন যোগ দেওয়া কারও নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, জানা নেই। এটা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দেখার দায়িত্ব। তাঁরা এ ব্যাপারে তাঁকে কিছু বলেননি। তবে এমন কেউ থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে।