মতলবের কেন্দ্রে ভোট বন্ধ, গুলি

মতলব মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও লুটের ঘটনাকে কেন্দ্র করে ওই কেন্দ্রে বেলা সাড়ে ১১টার পর থেকে ভোট নেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, ‘এই কেন্দ্রে ভোটের পরিবেশ না থাকায় আমরা ভোট নেওয়া বন্ধ করে দিতে বাধ্য হই। ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচন টিমকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফেরত আনা হয়।’
স্থানীয় লোকজনের ভাষ্য, দুই পক্ষের কাউন্সিলর প্রার্থীর ভোট কেন্দ্র দখল, ভোটে বাধা ও বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মতলব মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশ তিনটি গুলি ছোড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ভোট নেওয়া স্থগিত করেন। পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
সকাল সাড়ে সোয়া নয়টার দিকে মতবলের জেবি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে আকস্মিক হামলা চালালে বেশ কিছু পথচারী আহত হন। এতে ওই এলাকার ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ওই কেন্দ্রে গ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকে। পরে আবার চালু হয়।
সাড়ে নয়টার দিকে মতবল দক্ষিণ বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি গুলি ছোড়ে। প্রিজাইডিং কর্মকর্তা বোরহানউদ্দিন বলেন, এ ঘটনাকে সেখানে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
বিভিন্ন কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক বাদল অভিযোগ করেন, ২২টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রে জাল ভোটের ঘটনা ঘটে। সকাল ১০টার মধ্যে ভোট নেওয়া শেষ হয়ে যায়। বিভিন্ন কেন্দ্রে নিয়োজিত এজেন্টরা রির্টানিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
বিএনপির কর্মীদের অভিযোগ, মতলব পৌরসভার ভোটে বাইরে থেকে শতশত লোকজন এসে কেন্দ্র দখল করে জালভোট দিচ্ছে।
খবর পেয়ে মতলব পৌরসভায় অবস্থান করছেন চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল, জেলা পুলিশ সুপার শাসসুর নাহারসহ, র্যাব-পুলিশ-বিজিবি সহ ভ্রাম্যমান আদালতের বিভিন্ন কর্মকর্তারা।
ওই এলাকায় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের আওলাদ হোসেন, বিএনপির এনামুল হক বাদল, ইসলামী আন্দোলনের মানুদ নিয়াজী। এ পৌরসভার ভোটারের সংখ্যা ৪০ হাজার ৮৬৩ জন।
