ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী চান আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারকালে গণমাধ্যমকে এ দাবির কথা জানান।

আইভী গতকাল সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন এলাকা ও শহরের নন্দীপাড়া এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, গত নির্বাচনেও প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। এবারও তেমনটা আশা করছেন তিনি।

এদিকে জাতীয় পার্টি গতকাল আইভীকে সমর্থন দিয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতী বলেন, ‘আইভী নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তাঁকে সমর্থন দিয়েছেন।’ তিনি নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা-কর্মীদের আইভীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুস সবুর, হাজী সাইফুদ্দিন আহম্মেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের আগে জাতীয় পার্টির নেতারা নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় আইভীর পক্ষে প্রচারপত্র বিলি করেন।

এরপর বিকেলে জাতীয় পার্টির সাংসদ (নারায়ণগঞ্জ-৫) এ কে এম সেলিম ওসমান ফতুল্লায় তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে আইভীকে সমর্থন জানানোর কথা বলেন। তিনি জাতীয় পার্টির সব নেতা-কর্মী ও সমর্থককে আইভীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘যেকোনো একটা সংসারে ভাইবোনের মধ্যে ভুল-বোঝাবুঝি থাকে। আমি চাই আজকে থেকে অপরাজনীতির মৃত্যু হোক।’

প্রসঙ্গত, সেলিম ওসমান হলেন নারায়ণগঞ্জের আরেক আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমানের ভাই। আর ওসমান পরিবারের সঙ্গে আইভীর বিরোধ শুরু হয় ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে। ওই নির্বাচনে আইভীর কাছে পরাজিত হন শামীম ওসমান।