ভোটযুদ্ধে ছয় প্রবাসী ভাবনায় ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রবাসী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুজন বিএনপি ও একজন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ভোটের পর ওই প্রার্থীরা এলাকায় অবস্থান করবেন কি না, এ নিয়ে ভোটাররা ভাবনায় পড়েছেন। এই সাত ইউপিতে ২৩ এপ্রিল ভোট হবে।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাদিপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ছালাম ও আওয়ামী লীগের প্রার্থী সেলিম আহমদ দুজনই কানাডাপ্রবাসী। এখানে স্বতন্ত্র প্রার্থী সালিক আহমদ দুবাইপ্রবাসী। রাউৎগাঁও ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল মোহিত সুহেল যুক্তরাজ্যে থাকেন। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন। জয়চণ্ডী ইউনিয়নে আল-ইসলাহ্‌র চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিল কাতারপ্রবাসী। এ ছাড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন এলাইচ সৌদিপ্রবাসী।

কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের বাসিন্দা আখলিছ মিয়া বলেন, ‘আমরার ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপিসহ তিন প্রার্থীই (সেলিম আহমদ, হাবিবুর রহমান ও সালিক আহমদ) বিদেশে থাকইন। ইউনিয়নের চেয়ারম্যানরা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকইন। ইলেকশনের পর তাঁরা দেশে থাকবা কি না, এইটাই সবাই চিন্তা করছে।’

রাউৎগাঁওয়ের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা আবদুল হাদী বলেন, ‘বিএনপির ক্যান্ডিডেইট (আবদুল মোহিত) একসময় দেশে রাজনীতি করছইন। পরে বিদেশে চলি গেছইন। এখন ভুটের টানে আবার দেশে ফিরি আইছইন। ভুটে জিতলে এলাকার সালিস-বিচার করতে অয়। মানুষ নানান সমস্যায় পড়ে তাঁর কাছে ছুটি যায়। ভুটের পর বিদেশ চলি গেলে মানুষ তো বিপদে পড়ব।’

কাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সেলিম আহমদ বলেন, ‘এলাকার মানুষের খেদমতের টানেই দেশে ফিরে প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েছি। বিদেশে থেকে জেনেছি কীভাবে উন্নয়ন করতে হয়। এলাকার যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন সমস্যা রয়েছে। কাদিপুর ইউনিয়নকে উন্নয়নের মডেল করতে চাই। আশা করি, এলাকাবাসী এ সুযোগ আমাকে দেবেন।’

ওই ইউনিয়নে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘প্রবাসে থাকলেও কাদিপুর ইউনিয়নের মানুষের সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এবার ভোটারদের বেশ সাড়া পাচ্ছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতব।’ স্বতন্ত্র প্রার্থী সালিক আহমদ বলেন, তিনি আর বিদেশে যাবেন না। উপজেলা সদরে ব্যবসাপ্রতিষ্ঠান খুলবেন। আবদুল মোহিত বলেন, ‘বিদেশে থাকলেও দলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলাম। এবার জয়ী হব ইনশা আল্লাহ। জিতলে এলাকাতেই থাকব।’

মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অপর তিন প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৌম্যপ্রদীপ ভট্টাচার্য গতকাল শুক্রবার বলেন, ইউপির সদস্য ও চেয়ারম্যানকে মানুষ বিপদের বন্ধু ভাবে। কারও বাড়িতে চুরি হলে প্রথমে ইউপি সদস্যের বাড়িতে যায়। প্রবাসী প্রার্থীরা বসন্তের কোকিলের মতো। নির্বাচন এলে তাঁরা দেশে আসেন। ভোটের পর আবার দেশ ছাড়েন।