ভোটাধিকার রক্ষায় আন্দোলন গড়বে ওয়ার্কার্স পার্টি
মানুষের ভোটাধিকার রক্ষায় আবার আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ লক্ষ্যে বর্ষ মৌসুমের পরপর কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন সরকারের শরিক এই দলটি।
আজ শুক্রবার থেকে শুরু হওয়া পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে দুই দিনব্যাপী ওই সভা কাল শনিবার শেষ হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ প্রথম দিনের সভায় সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যালোচনায় বলা হয়, এই ইউপি নির্বাচন খুব দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত নির্বাচন–ব্যবস্থাকে ধ্বংস করেছে। নির্বাচনে মনোনয়ন–বাণিজ্য তৃণমূলে বিস্তৃত হয়ে নির্বাচনের পরিবেশ চরমভাবে কলুষিত করেছে। এর জন্য মৌলিকভাবে দায়ী নির্বাচন কমিশন এবং বিশেষত প্রধান নির্বাচন কমিশনার। ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের ফল নিজের পক্ষে রাখতে এই নির্বাচনে যে ভূমিকা রেখেছে, তা তাদের দলের জন্যও বুমেরাং হয়েছে। ইউপি নির্বাচনে ভোট ডাকাতি, পেশিশক্তির ব্যবহারের কারণে সহিংসতার যে ঘটনা ঘটেছে, তাতেও মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ। ওয়ার্কার্স পার্টির পর্যালোচনায় বলা হয়, নির্বাচন–ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থাবোধ অগণতান্ত্রিক শক্তিকেই উৎসাহিত করবে।
পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন সম্পর্কে আট দফা করণীয় ঠিক করা হয়। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচনে প্রশাসন তথা আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপ বন্ধ এবং সামগ্রিক দুর্নীতি, দুরাচার ও সাম্প্রদায়িকতার রাজনীতি সম্পূর্ণভাবে পরাজিত করার কার্যকর আন্দোলন গড়ে তুলবে। এই লক্ষ্যে পার্টির পক্ষ থেকে বর্ষা মৌসুমের পরপরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় কমিটি পার্টির পলিটব্যুরোকে এ দায়িত্ব দিয়েছে।
সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ইউপি নির্বাচনের পর্যালোচনা প্রতিবেদন উত্থাপন করেন। আলোচনায় অংশ নেন বিমল বিশ্বাস, সুশান্ত দাস, মাহমুদুল হাসান, ইকবাল কবির প্রমুখ।