রাজশাহীর বাগমারা যুবলীগের সম্মেলনে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের পর ভোটাভুটি ছাড়াই গত রোববার সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে, কেন্দ্রের নির্দেশে এটা করা হয়েছে।
উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই দিন দুই পদেই একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার কথা ছিল। কিন্তু সম্মেলন চলাকালে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অতিথিরা সম্মেলন স্থগিত করে চলে যান। পরের দিন রোববার রাজশাহী শহর থেকে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাগমারা উপজেলা যুবলীগের নতুন দুই নেতার নাম ঘোষণা করেন। এরপর রাতে স্থানীয় সংবাদপত্রের কার্যালয়গুলোতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আল-মামুন প্রামানিককে সভাপতি ও আবদুল জলিলকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘কেন্দ্রের নির্দেশে ও সমঝোতার ভিত্তিতে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে।’
তবে সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল আজিজ বলেন, ‘ভোটাভুটি হলে আমি নির্বাচিত হতাম, এটা বুঝতে পেরে ওই দিন সম্মেলনের সময় প্রতিপক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করে সম্মেলন পণ্ড করে দেয়।’
নতুন সভাপতি আল-মামুন প্রামানিক ও সাধারণ সম্পাদক আবদুল জলিল জানান, সমঝোতার ভিত্তিতে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।