ভোটে নয়, ঘোষণার মাধ্যমে নেতা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক জল্পনার অবসান ঘটিয়ে প্রায় এক যুগ পর গতকাল বুধবার ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হলো সাভার উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি। তবে দলের পুরোভাগে রয়ে গেছেন আগের নেতারাই।
কাউন্সিলরদের ভোটে নয়, শেষ পর্যন্ত ঘোষণার মাধ্যমেই নির্বাচিত হন নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন হাসিনা দৌলা। সাধারণ সম্পাদক হয়েছিলেন আলী হায়দার। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের কথা থাকলেও কাউন্সিলরদের আকাঙ্ক্ষা উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক পদে আলী হায়দার ও যুগ্ম সম্পাদক পদে ঘোষণা করা হয় মঞ্জুরুল আলমের নাম। মঞ্জুরুল আলম আগের কমিটিতে কোনো পদে ছিলেন না।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের উচ্চপর্যায় থেকে নতুন করে জেলা ও উপজেলা কমিটি গঠনের জোর তাগিদ আসায় তড়িঘড়ি করে সম্মেলনের প্রস্ততি নেওয়া হয়। এর পরপরই মাঠে নামেন বিভিন্ন পর্যায়ের নেতারা। সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়ে মাঠে নামেন স্থানীয় সাংসদ এনামুর রহমান। আর মাঠে না থাকলেও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন হাসিনা দৌলা। সম্পাদক পদে ভোটযুদ্ধে নামেন বর্তমান সম্পাদক আলী হায়দার ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম। কিন্তু দলীয় প্রধানের ইচ্ছায় সাংসদ এনামুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ান। মঞ্জুরুল আলম প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও সম্মেলনের আগমুহূর্তে তিনিও রণে ভঙ্গ দেন।
বেশ কয়েকজন কাউন্সিলর জানান, তাঁদের ইচ্ছা ছিল এবারের সম্মেলনের মধ্য দিয়ে তাঁরা দলে নেতৃত্বের পরিবর্তন আনবেন। কিন্তু নেতাদের কারণে তাঁরা সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেননি।
মঞ্জুরুল আলম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘কাউন্সিলরদের অধিকাংশই ঠিকানাবিহীন এবং আগের কমিটির আস্থাভাজন লোকজন। এ কারণে আমার পক্ষে ভোটযুদ্ধে জয়ী হওয়া সহজ ছিল না। তাই সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সড়ে দাঁড়াই।’
জানতে চাইলে সাংসদ এনামুর রহমান প্রথম আলোকে জানান, দলীয় প্রধান ও দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটযুদ্ধে না গিয়ে গতকালের সম্মেলনে সমঝোতার ভিত্তিতে তিনটি পদ ঘোষণা করা হয়। বাকি পদগুলোতেও একইভাবে নেতা নির্বাচন করা হবে।