ভোটের আগের দিন প্রচারণায় শিশুর দল!
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে গত বৃহস্পতিবার রাতে। তা সত্ত্বেও ভোটের আগের দিন গতকাল শুক্রবার গ্রামে গ্রামে প্রচারণায় শিশুদের ব্যবহার করেছেন কয়েকজন প্রার্থী।
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
সকাল সাড়ে ১০টার দিকে জগন্নাথপুর ইউপির খোঁচাবাড়িহাট এলাকায় দেখা যায়, একদল শিশু হাতে প্রচারপত্র ও পোস্টার নিয়ে একজন সদস্য প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছে। ‘...ভাই ভালো লোক, জয়ের মালা তাঁরই হোক/ ভোট ভোট ভোট দিন...মার্কায় ভোট দিন’সহ নানা স্লোগান দিচ্ছে।
মিছিলে অংশ নেওয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র প্রথম আলোকে বলে, ‘ভোটের মিছিল করলে টাকা পাই। মিছিল শেষে আবার চা-মুড়িও খেতে দেয়। যে মার্কা টাকা দেয়, আমরা সেই মার্কার মিছিল করি।’
দুপুরে বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট বাজারে দেখা যায়, একদল শিশু স্থানীয় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মিছিল করছে। মিছিলে অংশ নেওয়া এক শিশু বলে, ‘আমরা কয়দিন থেকে নৌকা মার্কার মিছিল করছি। মিছিল করলে নৌকার লোকেরা টাকা দেয়।’
বেলা সাড়ে তিনটার দিকে জগন্নাথপুর ইউপির দৌলতপুর গ্রামে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে আরেক দল শিশুকে মিছিল করে প্রচারণা চালাতে দেখা গেছে। সে সময় এক শিশু বলে, ‘প্রত্যেক দিন মার্কার মিছিল করে টাকা পাই।’ এ বিষয়ে কথা বলতে মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা শিশু কর্মকর্তা জবেদ আলী বলেন, শিশু আইন, ২০১৩ অনুযায়ী, শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার নিষিদ্ধ। রাজনীতিতে ব্যবহার শিশুর মনে বিরূপ প্রভাব ফেলে। পরে ওই শিশুর আচরণে নেতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে, যা তাদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।
সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জেলা সম্পাদক মো. শাহাবুদ্দিন বলেন, এমনিতেই রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার প্রশ্নবিদ্ধ, তার ওপর ইসির বেঁধে দেওয়া প্রচার-প্রচারণার সময়ের পর টাকার বিনিময়ে শিশুদের ভোটের প্রচারণায় নামানো কোনোভাবেই কাম্য নয়।
বেগুনবাড়ি ইউপির আওয়ামী লীগের প্রার্থী বনি আমীন বলেন, ‘নির্বাচন ঘিরে গ্রামে একধরনের উৎসব বিরাজ করে। সে উৎসবের প্রভাব শিশুদের ওপরও পড়েছে। এ কারণে ভোটের প্রচারণা শেষ হয়ে গেলেও শিশুরা কোনো প্রার্থীর নামে মিছিল করে যাচ্ছে। প্রচারণায় তাদের ব্যবহার করা হচ্ছে না।’
জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা বলেন, নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থীর বিরুদ্ধে শিশুদের ব্যবহারের অভিযোগ পেলে, ব্যবস্থা নেওয়া হবে।