ভোটের পরেই রিজভী যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, বাহ্যিকভাবে সারা দিন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে পর্দার অন্তরালে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় সূক্ষ্ম বা স্থূল ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার ২০ মিনিট পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ শঙ্কা প্রকাশ করেন। এর আগে বেলা পৌনে ১১টায় ও ১টায় তিনি ব্রিফিং করে বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ও সন্তোষজনক আছে।

বিকেলের সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এ সরকারের সময়ে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার ঘটনা আমরা বহুবার দেখেছি। সংশয় হচ্ছে, শেষ মুহূর্তে কোনো ইঞ্জিনিয়ারিং ঘটে কি না। তাই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে আহ্বান, ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পর্দার অন্তরালে যেন কোনো কিছু না ঘটে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘বাহ্যিকভাবে যা দেখেছি, তাতে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে পর্দার অন্তরালে কী হয়, তা আমাদের জানা নেই। ফলাফল ঘোষণার পর বলতে পারব।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রার্থী তো বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। যদি সত্যিকার অর্থে কোনো কারচুপি না হয়, তাহলে জনগণের ইচ্ছা মেনে নেব। তবে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু করা যায়।’

স্থানীয় সরকারদলীয় সাংসদ শামীম ওসমানের প্রকাশ্যে সিল মেরে গণমাধ্যমকে প্রদর্শনের ঘটনা উল্লেখ করে রিজভী ব্রিফিংয়ে বলেন, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এটা হচ্ছে ক্ষমতার দাপট। এভাবে প্রকাশ্যে সিল মারায় বোঝা যায়, সরকারের মনোভাব কি?