ভোলা আ.লীগের সম্মেলন কাল
দীর্ঘ নয় বছর পর ভোলা জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আগামীকাল শনিবার। ভোলা সরকারি বালক বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
সম্মেলন উপলক্ষে শহরে দুই শতাধিক তোরণ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ও মোড়ে মোড়ে জাতীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে ও ‘নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব দেখতে চাই’ লেখা অসংখ্য ব্যানার–ফেস্টুন টানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে তিনজনের নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম, বর্তমান সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক আবদুল মমিন। আর সাধারণ সম্পাদক পদ পাওয়ার জন্য মাঠে আছেন ভোলা সদর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান ও বর্তমান সাধারণ সম্পাদক।
দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ার পরে ভোলার আওয়ামী লীগ অনেকটা বিভক্ত হয়ে পড়ে।