ভোলা জেলা বিএনপির সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের নলিনী দাস বালিকা বিদ্যালয়ের মাঠে আগামীকাল মঙ্গলবার জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। গতকাল রোববার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
সম্মেলনের প্রস্তুতি জানাতে গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গোলাম নবী আলমগীর বলেন, ১৭ জানুয়ারি শহরের নলিনী দাস বালিকা বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী নির্বাচিত হবেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন তিনজন। তাঁরা হলেন বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর।
তিনি আরও বলেন, সম্মেলনে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উদ্বোধন করবেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি আমিনুল ইসলাম খান বলেন, সম্মেলনে ১ হাজার ২০০ কাউন্সিলর ও ডেলিগেট ভোট দেবেন। এই আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছি। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অনেক নেতা-কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।
এদিকে বিদ্যালয় চলাকালীন মাঠে বিএনপির সম্মেলন আয়োজন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এ সম্পর্কে নলিনী দাস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম সাহা বলেন, ‘ওই দিন (১৭ জানুয়ারি) সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) মূল্যায়ন পরীক্ষা হবে। বিএনপির সম্মেলনের কারণে পার্শ্ববর্তী লায়ন্স হোমিও কলেজ অ্যান্ড নলিনী দাস দাতব্য চিকিৎসালয়ের ভবনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আর সমস্যা হবে না।’