ভোলাকোটে মুখোমুখি আওয়ামী লীগ
‘হে আল্লাহ, চারদিকে মারামারি, হানাহানি চলছে। কাল আমাদের এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। তুমি সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য সকলের দিলে রহমত দিয়ো। আমাদেরকে নিরাপদে রেখো...।’
গতকাল শুক্রবার ‘ভোলাকোট বায়তুল মামুর জামে মসজিদের’ ইমাম ফয়জুল হোসেন জুমার নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে এই ফরিয়াদ জানাচ্ছিলেন। নামাজের পর জিজ্ঞেস করলে প্রথম আলোকে তিনি বলেন, কাল কী হবে, তা একমাত্র আল্লাহই ভালো বলতে পারবেন। তবে এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সবার নিরাপত্তার জন্যই এই দোয়া।
বায়তুল মামুর জামে মসজিদটি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে অবস্থিত। শুধু ইমাম ফয়জুল হোসেন নন, এই ইউনিয়নের অধিকাংশ জনগণই আজ শনিবার ভোট চলাকালে সহিংসতার আশঙ্কা করছেন। কারণ, এ ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রতিদ্বন্দী আওয়ামী লীগই। বেশ কয়েকজন ভোটার বলেন, আওয়ামী লীগ মনোনীত ও দলটির বিদ্রোহী প্রার্থী—দুই পক্ষই সমান শক্তিশালী হওয়ায় এখানে সহিংসতার তীব্র আশঙ্কা রয়েছে।
ভোলাকোট ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বশির আহমেদ। আর তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহী প্রার্থী জাহেদুল ইসলাম। গতকাল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘোরেন এই দুই প্রতিবেদক। এ সময় ভোটাররা বলেন, দুই পক্ষই প্রয়োজনে মারামারি করতে প্রস্তুত। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বহিরাগত ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে।
দুই প্রার্থীও একে অন্যের বিরুদ্ধে একই অভিযোগ আনেন।