ভেড়ামারায় আ.লীগ-জাসদ সংঘর্ষে আহত ৬, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে চলে আসা বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে জাসদের মিনাজুর রহমান পক্ষ ও আওয়ামী লীগের সাবেক ইউপি সদস্য এনামুল হক পক্ষের লোকজনের মধ্যে সকালে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় লাঠিসোঁটা ও হঁাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন জাসদের সাইফুল প্রামাণিক (২৮) ও আফিল মালিথা (৩০) এবং আওয়ামী লীগের হাফিজুর রহমান (৩২) ও বাঁ ঊরুতে গুলিবিদ্ধ সোহাগ হোসেন (২৩)।
হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ বলেন, ঘটনার সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে প্রায় ৪০ ফুট দূর থেকে জাসদের কয়েকজন লোক তাঁকে লক্ষ্য করে পিস্তলের গুলি ছোড়ে। তিনি তাঁদের চিনতে পেরেছেন।
জাসদের ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক আনসার আলী দাবি করেন, ওই গ্রামে ৬৭ বছর ধরে বংশগত দ্বন্দ্বে মারামারি হয়ে আসছে। এর মধ্যে উভয় পক্ষেই আওয়ামী লীগ, জাসদ ও বিএনপির লোকজন আছেন। এখানে আওয়ামী লীগ ও জাসদের মধ্যে কোনো মারামারি হয়নি। জাসদের লোকজন গুলিও করেননি।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতারুজ্জামান বলেন, ‘ওই গ্রামে বেশ কয়েক দিন ধরে কয়েকবার আওয়ামী লীগ ও জাসদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিষয়টি পুলিশ দেখছে। তারা যা ভালো মনে করে সেটাই হবে।’
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০টি ফাঁকা গুলি ছুড়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।