ভেড়ামারায় ইনুকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তাঁর নিজ গ্রামছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। একই সঙ্গে তাঁকে অবাঞ্ছিত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা এসব হুঁশিয়ারি দেন।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে সভায় ভেড়ামারা উপজেলা ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
গত সোমবার রাত সাড়ে আটটার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জাসদের কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগে জাসদের ২৫ নেতা-কর্মীর নামে থানায় মামলা হয়। এর প্রতিবাদে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ
গতকালের প্রতিবাদ সভা করে। বিকেল চারটায় সভা শুরু হয়। শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। মঞ্চে ব্যানারে লেখা ছিল ‘জাসদের সন্ত্রাসী কর্তৃক যুবলীগ অফিস, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ।’ সমাবেশে দুই উপজেলার পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী ও যুবলীগের শীর্ষ নেতারা।
ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নে হাসানুল হক ইনুর বাড়ি।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান বলেন, ঘটনার সুষ্ঠু বিচার না হলে ইনুকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
প্রতিবাদ সভাকে কেন্দ্র করে ভেড়ামারা উপজেলা জাসদ কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। চাপা উত্তেজনাও বিরাজ করছিল।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেন, হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে ২৪ ঘণ্টা পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে ভাঙচুরের ঘটনার সঙ্গে জাসদকে জড়ানোর প্রতিবাদে ভবিষ্যতে জাসদও পাল্টা কর্মসূচি ঘোষণা করবে বলে ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এস এম আনসার আলী সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, একটি মহল হাসানুল হক ইনুর ইমেজকে ক্ষতি করার মিশনে নেমেছে। এ চক্রান্ত সফল হবে না।