কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের সদ্য গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে নীরবতা ভেঙেছেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। গতকাল শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করেন। এর ফলে দুই পক্ষের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল।
আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা জানাতে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করতে আজ রোববার সংবাদ সম্মেলন আহ্বান করেন আবুল মনসুর। সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন ডাকা হয়েছে। আহ্বায়ক কমিটি নিয়ে তাঁর এ অবস্থানের প্রতি সহমত প্রকাশ করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ।
৬ জুন আহ্বায়ক কমিটি গঠনের পর সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সায়দুল্লাহ মিয়া একে স্বাগত জানালেও এত দিন নীরব ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। তবে গতকাল তিনি ফোনে এবং সরাসরি সাক্ষাৎকারে স্থানীয় সাংবাদিকদের কাছে এ বিষয়ে প্রকাশ্য প্রতিক্রিয়া দেন। মনসুর এ প্রতিবেদককে বলেন, ‘আহ্বায়ক কমিটির দাবি আমারও ছিল। তবে আমরা যে আহ্বায়ক কমিটির চেহারা দেখতে পাচ্ছি, তা একপেশে। আহ্বায়কসহ ১৭ সদস্যের প্রত্যেকেই সায়দুল্লাহ মিয়ার বলয়ভুক্ত। সংগত কারণেই এই কমিটির প্রতি আস্থা রাখতে পারছি না।’
আবুল মনসুর দাবি করেন, গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি করা হয়নি। আওয়ামী লীগের নতুন গঠনতন্ত্র অনুযায়ী ‘ক’ শ্রেণির পৌরসভায় দলের উপজেলা কমিটিতে কোনো পৌর নাগরিক অন্তর্ভুক্ত হতে পারবে না। অথচ ভৈরব ক শ্রেণির পৌরসভা হলেও আহ্বায়ক কমিটির সবাই পৌর নাগরিক।
অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, গঠনতন্ত্রের বরাত দিয়ে মনসুর যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। কারণ, গঠনতন্ত্রের কোথাও এমনটি উল্লেখ নেই।
নতুন কমিটির আহ্বায়ক ফখরুল আলম বলেন, কমিটিতে মনসুরকে রাখা হয়নি। সুতরাং তিনি এখন নানা কথা বলবেন, এটাই স্বাভাবিক। তিনি অভিযোগ করে বলেন, মনসুর ১০ বছরে নতুন কমিটি দিতে পারেননি। ফলে তাঁর নেতৃত্ব অযোগ্য ছিল।
আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের বিষয়ে বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও বিলুপ্ত কমিটির সভাপতি সায়দুল্লাহ মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা যায়নি। তবে বৃহস্পতিবার দলের এক কর্মিসভায় তিনি বলেছিলেন, নেতৃত্ব টিকিয়ে রাখতে মনসুর লাঠির রাজনীতি করতে চেয়েছিলেন। এখন তাঁর সঙ্গে হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ নেই।
সায়দুল্লাহ মিয়াকে সভাপতি ও আবুল মনসুরকে সাধারণ সম্পাদক করে ২০০২ সালে তিন বছরের জন্য ভৈরব উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি গঠন করা হয়। ১০ বছর পেরোলেও নতুন কমিটি দিতে পারেনি তারা। বরং দুই নেতা প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ ৬ জুন ভৈরব কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করে। ১৭ সদস্যের কমিটিতে পৌর মেয়র ফখরুল আলমকে আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহকে সদস্যসচিব করা হয়।
কমিটি ঘোষণার পর গত বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে কর্মিসভা করে আহ্বায়ক কমিটিকে স্বাগত জানায় সায়দুল্লাহ পক্ষ। মনসুর পক্ষ স্বাগত না জানালেও এত দিন নীরব ছিল। তবে গতকাল তিনি প্রকাশ্য প্রতিক্রিয়া দেওয়ার ফলে দুই পক্ষের বিভক্তি নতুন করে সামনে এল।